তাসকিনের ৫০ পূর্ণ হওয়ার সেশন নিজেদের করে নিল বাংলাদেশ
নাজমুল হোসেন শান্তদের উচ্ছ্বাসটা একটু বেশিই ছিল। পাকিস্তানের ষষ্ঠ ব্যাটার হিসেবে সালমানা আগা আউট হয়ে গেছেন। লিটন দাস ক্যাচ ধরার পর ক্রিকেটাররা একে অপরের সঙ্গে হাই-ফাইভ করছেন, বোলার তাসকিন আহমেদের উদ্যাপনও চলছে। হঠাৎ করে বেজে উঠল সতর্কতামূলক সাইরেন—নো বল।
বলটি করার সময় তাসকিনের পা পপিং ক্রিজ ছাড়িয়ে গিয়েছিল। তাই সালমানকে আর প্যাভিলিয়নে ফিরতে হয়নি। তাতে বাংলাদেশের ক্রিকেটারদের মন কি একটু খারাপ হলো? হলে হতেও পারে। তবে পুরো সেশন বিবেচনা করলে মন খারাপের তেমন কারণ নেই। গতকাল ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করা পাকিস্তানের ৪টি উইকেটই টাইগাররা আজকের প্রথম সেশনে তুলে নিয়েছে। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে পাকিস্তানের স্কোরলাইন তাই ৫/২৫১। প্রথম ইনিংসে ৪১৩ করা বাংলাদেশের খুশি না হওয়ার কোনো কারণ কি আছে?
গতকাল শেষে পাকিস্তানের শক্ত অবস্থানে থাকার কারণ আজান আওয়াইস। অভিষেক টেস্ট খেলতে নামা এই ওপেনার আজকের দিন শুরু করেছিলেন ৮৫ রান নিয়ে। ১৫৩ বলে সেটিকে সেঞ্চুরিতে রূপ দেন। তবে এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি, ১০৩ রানের মাথায় তাসকিন আহমেদ তাকে তুলে নেন। এ উইকেটের মাধ্যমেই টেস্ট ক্রিকেটে তাসকিনের ৫০ উইকেট পূর্ণ হলো। তৃতীয় টাইগার পেসার হিসেবে এই মাইলফলকে পৌঁছেছেন তিনি। তার আগে গেছেন মাশরাফী বিন মোর্ত্তজা ও শাহাদাত হোসেন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: