[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশি ক্রিকেটারদের গাড়ি জেতার সুযোগ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ মে ২০২৬ ১৭:০৫ পিএম

বাংলাদেশ ক্রিকেটে আবারও ফিরছে বড় পুরস্কারের সংস্কৃতি। নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক সিরিজগুলোতে ম্যাচসেরা ও সিরিজসেরাদের জন্য মোটরবাইকের আয়োজন দেখা গেলেও এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বাংলাদেশের সেরা ক্রিকেটারের জন্য থাকছে গাড়ি পুরস্কার।

মঙ্গলবার (১২ মে) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান টেস্টের শেষ দিনের লাঞ্চ বিরতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান চেরি বাংলাদেশের মধ্যে চুক্তি সই অনুষ্ঠানে এই ঘোষণা দেয়া হয়। আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ মিলিয়ে বাংলাদেশের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ পাবেন চেরি ব্র্যান্ডের একটি গাড়ি। তবে গাড়ির মডেল কিংবা মূল্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের পারফরম্যান্সের পুরস্কার হিসেবে মোটরবাইক দেয়ার বিষয়টি আলোচনায় এসেছে। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সেরা খেলোয়াড় হয়ে বাইক জিতেছিলেন পেসার শরীফুল ইসলাম। চলমান বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজেও দুই ম্যাচের ম্যাচসেরা ও সিরিজসেরার জন্য রাখা হয়েছে তিনটি বাইক। মাঠের এক পাশে ছোট একটি মঞ্চে বাইকগুলো সাজিয়ে রাখা হয়েছে দর্শকদের দেখার জন্য।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিসিবির সভাপতি তামিম ইকবাল বলেন, ‘আমার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ চেরির মতো ব্র্যান্ড বাংলাদেশ ক্রিকেটের সাথে সংযুক্ত হওয়া, বিশেষ করে গত এক-দেড় বছর বা দুই বছরে ভাবমূর্তির যে ক্ষতি হয়েছিল বিসিবির, ওই জায়গা থেকে বের হয়ে এসে চেরির মতো ব্র্যান্ডগুলোর আসা শুরু হয়েছে। গত সিরিজও দেখেছেন যে, এখানে ই-বাইক কিছু কোম্পানি ছিল, এখনও কিছু কোম্পানি আসছে। বিসিবির জন্য দারুণ ইতিবাচক।’

তিনি আরও বলেন, ‘এরকম বড় বড় কোম্পানি বাংলাদেশ ক্রিকেটের সাথে যুক্ত হওয়া আমাদের ক্রিকেটের জন্যও ভালো,পাশাপাশি আমাদের ক্রিকেটারদেরকেও একটা ইনসেনটিভ দেয়া হলো, কোনো সিরিজে ভালো করার জন্য।’

বাংলাদেশ ক্রিকেটে পুরস্কার হিসেবে গাড়ি দেওয়ার পুরোনো স্মৃতিও তুলে আনেন তামিম। তিনি স্মরণ করেন, ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক প্রথম টেস্ট জয়ের সিরিজে তার বড় ভাই ও সাবেক জাতীয় ক্রিকেটার নাফিস ইকবাল গাড়ি পেয়েছিলেন। এছাড়া ২০১০ সালে নিউ জিল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারানোর সিরিজে তৎকালীন ভারপ্রাপ্ত অধিনায়ক সাকিব আল হাসানও গাড়ি পুরস্কার পেয়েছিলেন। বিপিএলেও টুর্নামেন্টসেরা হয়ে গাড়ি জেতেন সাকিব।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ৯ জুন। পরের দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ১১ ও ১৪ জুন। এরপর ১৭ জুন শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের শেষ দুই ম্যাচ মাঠে গড়াবে ১৯ ও ২১ জুন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর