[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

পাকিস্তান বধের পর আইসিসি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ক্রিকেটারদের জয়জয়কার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৭ মে ২০২৬ ২০:০৫ পিএম

সদ্যই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ।

এমন দাপুটে পারফরম্যান্সের পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে টাইগাররা। এই সিরিজ জয়ের আনন্দে যখন ভাসছে পুরো দেশ, ঠিক তখনই মাঠের সাফল্যের প্রভাব পড়েছে ক্রিকেটারদের ব্যক্তিগত র‍্যাঙ্কিংয়েও।

বুধবার (২৭ মে) আইসিসির হালনাগাদকৃত পুরুষ টেস্ট খেলোয়াড় র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সিরিজজুড়ে দুর্দান্ত ব্যাট করা অভিজ্ঞ মুশফিকুর রহিম টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠে এসেছেন। পুরো সিরিজে তিনি সংগ্রহ করেছেন ২৫৯ রান। অন্যদিকে, সিরিজে ২৩৯ রান করা লিটন দাস ১৪ ধাপ এগিয়ে নিজের অবস্থান এখন ২৪তম স্থানে নিয়ে গেছেন।

বোলিংয়েও বাংলাদেশ পেয়েছে অভূতপূর্ব সাফল্য। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম দুই ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিং হিসেবে ১১তম স্থানে জায়গা করে নিয়েছেন। অফস্পিনার মেহেদী হাসান মিরাজও দুই ধাপ এগিয়ে ২৫তম স্থানে রয়েছেন। এছাড়া তরুণ পেসার নাহিদ রানা সিরিজজুড়ে বোলিংয়ে গতির ঝড় তুলে ১০ ধাপ এগিয়ে ৫৪তম স্থানে উঠে এসেছেন।

বোলিংয়ের পাশাপাশি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়েও তাইজুলের উন্নতি হয়েছে। তিনি তিন ধাপ এগিয়ে বর্তমানে ২৯তম স্থানে অবস্থান করছেন। এদিকে সিরিজ হারলেও পাকিস্তানের পেসার খুররাম শাহজাদ ভালো পারফরম্যান্সের কারণে বোলিং র‍্যাঙ্কিংয়ের ৪৯তম স্থানে উঠে এসেছেন।

দুই ম্যাচের এই সিরিজটি ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। পাকিস্তানের বিপক্ষে এই স্পোর্টিং উইকেটে জয়কে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের নতুন দিগন্ত হিসেবে দেখছেন ক্রিকেট বিশ্লেষকরা। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ দল যেভাবে ঘরের মাঠে এবং এর আগে বিদেশের মাটিতে পাকিস্তানকে হারিয়েছে, তাতে টাইগারদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর