[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

অবসরে যাচ্ছেন ‘চাচা ক্রিকেট’

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩০ মে ২০২৬ ১১:০৫ এএম

অবসরে যাচ্ছেন পাকিস্তান ক্রিকেটের জনপ্রিয় ও একনিষ্ঠ ভক্ত আবদুল জলিল। তাকে প্রায় সবাই চাচা ক্রিকেট নামেই চিনে থাকেন। এই ৭৬ বছর বয়সিকে আর মাত্র দুটি সিরিজে গ্যালারিতে দেখা যাবে।

জলিল ১৯৬৮-৬৯ সালে লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ প্রথমবার গ্যালারিতে বসে দেখেছিলেন। তখন তার বয়স ছিল প্রায় ১৯ বছর। এরপর থেকে তিনি ধীরে ধীরে বিশ্বজুড়ে পাকিস্তান দলের সফরসঙ্গী হয়ে উঠেন।

শনিবার রাওয়ালপিন্ডিতে শুরু হবে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দেশের মাটিতে এই সিরিজেই শেষবার খেলা দেখতে স্টেডিয়ামে যাবেন তিনি। বছরের শেষ দিকে পাকিস্তান দল টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে, সেখানে শেষবারের মতো গিয়ে নিজের দলকে সমর্থন জানাবেন তিনি।

চাচা ক্রিকেট বিভিন্ন দেশ ঘুরে যেসব স্মারক সংগ্রহ করেছেন, সেগুলো দিয়ে একটি জাদুঘর গড়ে তুলতে চান। ক্রিকইনফোকে তিনি বলেন, ‘বছরের পর বছর ধরে সংগ্রহ করা সব স্মারক আমি সেই জাদুঘরে প্রদর্শন করব।’ তিনি আরও বলেন, ‘পাকিস্তানের হয়ে ৫০০টি ম্যাচে সমর্থন দেওয়ার লক্ষ্য ছিল আমার, যা আমি পূরণ করেছি।’

পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গী হয়ে প্রায় ৬ দশক এক মাঠ থেকে আরেক মাঠে চষে বেড়িয়েছেন তিনি। তার জন্য কী অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে? জলিল বলেন, ‘আমি সবকিছু করেছি শুধুমাত্র খেলা ও নিজের দেশের প্রতি ভালোবাসা থেকে। আমার লক্ষ্য ছিল দেশের একজন ভালো দূত হওয়া এবং দুই দলের সমর্থকদের আনন্দ দেওয়া। অবসরের পর কিছু সমাজসেবামূলক কাজও করতে চাই।’

পাকিস্তান ক্রিকেটের প্রসঙ্গ আসলে ভারতের সঙ্গে তাদের প্রতিদ্বন্দ্বিতার কথা এড়ানো যায় না। টিম ইন্ডিয়ার বিপক্ষে পাকিস্তানের গুরুত্বপূর্ণ একটি স্মৃতি চেতন শর্মাকে মারা জাভেদ মিয়াঁদাদের ছক্কা। জলিল ওই ম্যাচ মাঠে বসে দেখেছেন। তিনি বলেন, ‘১৯৮৬ সালে মিয়াঁদাদ যখন চেতন শর্মাকে শেষ বলে ছক্কা মারল, আমি মাঠে উপস্থিত ছিলাম। এখনও স্পষ্টভাবে মনে করতে পারি, তিনি কীভাবে বলটি ডিপ মিডউইকেটের ওপর দিয়ে পাঠিয়েছিলেন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর