গুজরাট টাইটানসের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ক্রিকেটাররা
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে হতাশাজনক হারের পর বড় ধরনের বিপদের মুখে পড়েছিল গুজরাট টাইটানস দল। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন দলটির ক্রিকেটার ও স্টাফরা।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, শর্ট সার্কিটের কারণে গুজরাট টাইটানসের টিম বাসে আগুন লেগেছিল। তবে সব খেলোয়াড়কে নিরাপদে সরিয়ে নেয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার (৩১ মে) রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে হোটেলে ফেরার পথে টিম বাসে এই শর্ট সার্কিটের ঘটনা ঘটে। আগুন লাগার ফলে খেলোয়াড়দের প্রায় এক ঘণ্টা সড়কে অপেক্ষা করতে হয়।
গুজরাট টাইটানসের দুঃস্বপ্নের রাতকে আরও তিক্ত করে তোলে এই ঘটনা। এর আগে ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে পাঁচ উইকেটে হেরে আইপিএল শিরোপা হাতছাড়া হয় তাদের।
এ ছাড়া সাম্প্রতিক সময়ে কঠিন ভ্রমণসূচির কারণেও বাড়তি ধকল সইতে হয় গুজরাট টাইটানসের ক্রিকেটারদের। গত ২৯ মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে কোয়ালিফায়ার-২ ম্যাচ খেলতে ২৭ মে গুজরাট টাইটানসকে ধর্মশালা থেকে মুল্লানপুরে যেতে হয়েছিল।
তবে ৩০ মে মুল্লানপুরের প্রতিকূল আবহাওয়ার কারণে তাদের আহমেদাবাদে ফেরার যাত্রা অস্বাভাবিকভাবে বিলম্বিত হয়। ফলে দলটি ফাইনালের আগের দিন শনিবার সন্ধ্যার পরে নিজেদের ঘাঁটি আহমেদাবাদে পৌঁছায়।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: