অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রামে এ কোন বাংলাদেশ?
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতা বাংলাদেশের ব্যাটিংয়ে স্রেফ দুর্দাশা নেমেছিল প্রথম টি-টোয়েন্টিতে। চট্টগ্রামে আগে ব্যাটিং করতে নেমে একশ রান করার আগেই ৮ উইকেট হারায় বাংলাদেশ!
ধ্বংসস্তূপে পড়া বাংলাদেশকে শেষমেশ উদ্ধার করেন মাহেদী হাসান। তার শেষের ঝড়ে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে সম্মানজনক পুঁজি পেয়েছে বাংলাদেশ। ১৯ ওভারে গুটিয়ে যায় স্বাগতিকরা। স্কোরবোর্ডে পুঁজি মাত্র ১৩১ রান। মাহেদী ২২ বলে ২৯ রান করেন ৪ বাউন্ডারিতে। তার অপরাজিত ইনিংসে বাংলাদেশ কিছুটা লড়াইয়ের আশা করছে।
নয়তো যেভাবে বাংলাদেশের ইনিংস এগিয়েছে তাতে বিব্রতকর পরিস্থিতির মধ্যেই পড়তে হতো। বিশেষ করে মিডল অর্ডারে যারা এসেছেন তারা কেউই পারেননি দায়িত্ব নিয়ে টিকে থাকতে।
লিটন দাসের অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন তাওহীদ হৃদয়। চোট পুরোপুরি সেরে না উঠায় লিটন সরে যান। টস জিতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো ছিল। পাওয়ার প্লে’তে ৬ ওভারে ৫২ রান পায় বাংলাদেশ। উইকেট হারায় ২টি।
সেখান থেকে ৯৯ রানে যেতেই আরও ৬ উইকেট হারায় স্বাগতিকরা। তাতে বড় রানের আশা শেষ হয়ে যায়। তবুও শেষ চেষ্টা করে মাহেদী ২৯ রান করে দলকে লড়াইয়ের প্রেরণা জুগিয়েছেন।
মাহেদীর ২৯ বাদে, সাইফ হাসান দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন। ১৭ রান করেন সৌম্য সরকার। এছাড়া ১০ রানের তিনটি ইনিংস আসে তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন ও আব্দুল গাফফার সাকলাইনের ব্যাট থেকে। এই ম্যাচে অভিষেক হয়েছে সাকলাইনের।
অস্ট্রেলিয়ার হয়ে অ্যাডাম জাম্পা ও জোয়েল ডেভিস ৩টি করে উইকেট নেন। ২ উইকেট নেন ম্যাট রেনশ।
অস্ট্রেলিয়ার জন্য ১৩১ রানের পুঁজি বড় নয়। দেখার বিষয় বাংলাদেশের বোলাররা তাদের বিপক্ষে কতটা লড়তে পারেন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: