বিসিবির নারী উইংয়ের নির্বাচক সজল বরখাস্ত, অব্যাহতি পেলেন সহকারী কোচও
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে বাংলাদেশ নারী ক্রিকেট দলের দেশে ফেরার পরপরই দেশের ক্রিকেটাঙ্গনে এক বড় ধাক্কা লেগেছে।
নারী ক্রিকেটারদের মানসিক হেনস্থা ও যৌন হয়রানির (কুপ্রস্তাব) গুরুতর অভিযোগে বয়সভিত্তিক দলের নির্বাচক সজল চৌধুরীকে বরখাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে একই ধরণের অভিযোগে নারী দলের সহকারী কোচ রুহুল আমিনকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
বিসিবি সূত্রে জানা গেছে, গেল বছরের ডিসেম্বর মাসে বয়সভিত্তিক দলের কয়েকজন নারী ক্রিকেটার সজল চৌধুরীর বিরুদ্ধে গুরুতর অসৌজন্যমূলক আচরণ, মানসিক নির্যাতন ও বারবার কুপ্রস্তাব দেয়ার লিখিত অভিযোগ তোলেন। সেই সময় ক্রিকেটাররা বিসিবি বরাবর সরাসরি চিঠি পাঠালেও তৎকালীন বোর্ডের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপ নেয়া হয়নি। ফলে অভিযোগ মাথার ওপর নিয়েই এতদিন বহাল তবিয়তে নিজের দায়িত্বে নিয়োজিত ছিলেন সজল।
তবে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) তামিম ইকবালের নেতৃত্বে নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেয়ার পর এই ফাইলটি পুনরায় সচল হয়। নতুন বোর্ড নারী ক্রিকেটারদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্ত সাপেক্ষে এই কঠিন ও দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সংশ্লিষ্ট মহলের মতে, নতুন ক্রিকেট বোর্ডের এই তড়িৎ ও কঠোর পদক্ষেপ দেশের নারী ক্রিকেটারদের জন্য একটি নিরাপদ ও সুস্থ ক্রীড়া পরিবেশ তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে অনিয়ম ও হেনস্থার বিরুদ্ধে এটি বিসিবির পক্ষ থেকে একটি স্পষ্ট এবং কড়া বার্তা।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: