এশিয়ান গেমস ক্রিকেটের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে?
এশিয়ান গেমসের ক্রিকেটের সূচি প্রকাশ্যে এসেছে। এবারের আসরে পুরুষ ও নারী—দুই বিভাগেই টি-টোয়েন্টি ফরম্যাটে হবে প্রতিযোগিতা। মেয়েদের খেলা হবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর, আর ছেলেদের ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত। সব ম্যাচই হবে জাপানের আইচি প্রদেশের কোরোগি অ্যাথলেটিক পার্কে।
এবারের এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা দেওয়া হয়েছে। ফলে বাংলাদেশের জন্যও প্রথম ম্যাচ থেকেই শুরু হবে নকআউট পর্বের লড়াই। বাকি চারটি দল আসবে প্রাথমিক রাউন্ডের বাছাইপর্ব পেরিয়ে।
প্রাথমিক পর্বে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে সাতটি দলকে। ‘এ’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, জাপান ও নেপাল। ‘বি’ গ্রুপে রয়েছে হংকং, চীন, মালয়েশিয়া ও ওমান। দুই গ্রুপের সেরা দুটি করে দল কোয়ার্টার ফাইনালে উঠবে।
এই সমীকরণে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি। বাছাইপর্ব শেষ হওয়ার পরই জানা যাবে, কোন দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে নকআউট পর্বে জয় পেলে সেমিফাইনালেই ভারতের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।
অন্যদিকে, ভারত ও পাকিস্তান পুরুষ ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে খেলবে। ফলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে সেমিফাইনাল বা ফাইনালে। অর্থাৎ ফাইনালের আগে ভারত-পাকিস্তান ম্যাচ হলে সেটি হবে সেমিফাইনালেই।
নারীদের ক্রিকেটেও সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে শুরু হবে লড়াই। বাংলাদেশের নারী দলের প্রতিপক্ষ চীন। এই ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে খেলবে ভারত ও আয়োজক জাপানের মধ্যকার ম্যাচের জয়ী দলের বিপক্ষে।
অন্য কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-মালয়েশিয়া এবং পাকিস্তান-থাইল্যান্ড। ফলে নারী ক্রিকেটে ফাইনালের আগে ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার কোনো সুযোগ নেই।
বাংলাদেশের জন্য তাই এবারের এশিয়ান গেমস ক্রিকেটে শুরু থেকেই থাকছে নকআউটের চাপ। পুরুষ ও নারী—দুই দলই সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে অভিযান শুরু করবে। এখন অপেক্ষা, কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা হয় এবং কতদূর যেতে পারে লাল-সবুজের প্রতিনিধিরা।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: