[email protected] রবিবার, ২৬শে জুলাই ২০২৬
১০ই শ্রাবণ ১৪৩৩

বিসিবির শৃঙ্খলাভঙ্গের শাস্তি, জরিমানা লিটন-মাহেদীর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬ ০৯:০৭ এএম

বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটার লিটন দাস ও মাহেদী হাসানকে শৃঙ্খলাভঙ্গের কারণে আর্থিক জরিমানা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগে ডিসিপ্লিনারি কমিটির শুনানির পর তাদের এই শাস্তি দেওয়া হয়েছে।

বিসিবি পরিচালক ও ডিসিপ্লিনারি কমিটির সদস্য সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই ক্রিকেটারই শুনানিতে নিজেদের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

বোর্ডকে না জানিয়ে ব্যক্তিগত সফরে চীন যাওয়ায় লিটন দাসকে শোকজ করা হয়েছিল। চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে বিদেশ সফরের আগে বোর্ডকে জানানোর পাশাপাশি চোটের কারণে বিসিবির চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা ছিল তার। তবে তিনি এসব নিয়ম অনুসরণ করেননি। শুনানিতে নিজের ভুল বুঝতে পেরে ভবিষ্যতে আরও দায়িত্বশীল থাকার কথা জানিয়েছেন লিটন।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে চট্টগ্রামে একাদশে সুযোগ না পাওয়া নিয়ে টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করায় শোকজ করা হয় মাহেদী হাসানকে। নিজের হতাশার কথাও প্রকাশ করেছিলেন এই অলরাউন্ডার। দল নির্বাচন ও একাদশ গঠন নিয়ে এর আগেও গণমাধ্যমে টিম ম্যানেজমেন্টের সমালোচনা করেছিলেন তিনি।

সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, লিটনের চেয়ে মাহেদীর জরিমানার পরিমাণ বেশি। তবে বোর্ডের অনুমোদনের পরই তা কার্যকর হবে।

তিনি বলেন, দুই ক্রিকেটারই ভুল স্বীকার করেছেন। কিন্তু কোড অব কন্ডাক্ট ভঙ্গ করায় তাদের জরিমানা দিতে হবে। শৃঙ্খলার বিষয়ে বর্তমান বোর্ডের অবস্থান স্পষ্ট—যে-ই নিয়ম ভঙ্গ করবেন, তাকেই জবাবদিহির আওতায় আসতে হবে; তিনি খেলোয়াড়, কোচ, বোর্ড কর্মকর্তা কিংবা পরিচালক—যেই হোন না কেন।

চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের টি-টোয়েন্টি সিরিজ থেকেই দলের বাইরে রয়েছেন লিটন। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে পাওয়া কাফ মাসলের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর পাঠিয়েছে বিসিবি। ফলে লঙ্কা প্রিমিয়ার লিগেও (এলপিএল) খেলতে পারছেন না তিনি। তবে অস্ট্রেলিয়া সফরের আগে তাকে দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী বিসিবি।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর