[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

কিংসের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিফা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২৫ ১৯:০৮ পিএম

সাবেক কোচ ভেলোরিও তিতা ও ফরাসি ট্রেইনার খলিল চাকরৌনের অভিযোগের ভিত্তিতে কিংসের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিফা। চুক্তির অর্থ না পাওয়ায় এ মাসের শুরুতে কিংসের বিরুদ্ধে ফিফায় অভিযোগ দায়ের করেছিলেন তারা।

 

 তিতা ও চাকরৌনের অভিযোগ পর্যালোচনার পর ফিফা এখন কিংসকে জবাব দেওয়ার জন্য ২৭ আগস্ট পর্যন্ত সময় দিয়েছে। তিতা নিজেই সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি ওমানের ক্লাব আল-সিবের কোচ।

ওমান থেকে তিতা মিডিয়াকে বলেন, ‘অভিযোগটি এখন তদন্ত পর্যায়ে। আমার আইনজীবী জানিয়েছেন, ফিফা আমাদের মামলার বিষয়টি নিয়ে ক্লাবের কাছে ব্যাখ্যা চেয়েছে। তারা কিংসকে ২৭ আগস্টের মধ্যে জবাব দিতে বলেছে।’ কিংসের ব্যাখ্যা পাওয়ার পর রায় ঘোষণা করবে ফিফা। যদি কোচের দাবি প্রমাণিত হয়, তবে ফিফা ক্লাবকে নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া পরিশোধ করতে বলবে।

ওই সময়ের মধ্যে তিতা ও চাকরৌনের পাওনা কিংস পরিশোধ না করলে শাস্তিমূলক ব্যবস্থা নেবে ফিফা। শাস্তির মধ্যে থাকতে পারে নতুন খেলোয়াড় দলভুক্তিতে নিষেধাজ্ঞা, লিগে পয়েন্ট কর্তন বা লিগ থেকে অবনমন। তবে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে কিংস যদি প্রয়োজনীয় তথ্য-প্রমাণ উত্থাপন করতে পারে এবং অভিযোগ ভুল প্রমাণিত হয়, তাহলে আবেদন খারিজ করে দেবে ফিফা।


গত বছরের জুলাইয়ে অস্কার ব্রুজোনের জায়গায় কিংসের কোচের দায়িত্ব নেন তিতা। রোমানিয়ান এই কোচের অধীন ক্লাবটি চ্যালেঞ্জ কাপ ও ফেডারেশন কাপের শিরোপা জিতেছিল। তবে প্রিমিয়ার লিগ জিততে না পারায় তিতাকে ছাঁটাই করে ক্লাবটি। এরপর বেতন, বোনাস ও আরও কিছু পাওনা নিয়ে ফিফায় অভিযোগ করেন তিতা।

কিংসের কাছে কত টাকা পাবেন, সেটা স্পষ্টভাবে না জানালেও এ নিয়ে তিতা বলেন, ‘তারা (কিংস) আমার তিন মাসের বেতন ও বোনাস দেয়নি। বিমানভাড়াও আমি নিজের পকেট থেকে দিয়েছি। একইভাবে ফিটনেস ট্রেইনার তিন মাসের বেতনের সঙ্গে বোনাসও পাবে।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর