লাল কার্ডের মেসিহীন ম্যাচে সুয়ারেজের জোড়া গোলে মিয়ামি জয়ী
লিগস কাপের কোয়ার্টার ফাইনালে উত্তেজনা ছড়িয়ে জিতেছে ইন্টার মায়ামি। টাইগ্রেস ইউএএনএলকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা।
অথচ গুরুত্বপূর্ণ ম্যাচটায় চোটের কারণে খেলতে পারেননি মেসি। তার অনুপস্থিতিতে লুইস সুয়ারেজ কাঁধে তুলে নেন দায়িত্ব। দুই অর্ধে একটি করে পেনাল্টি থেকে জাল কাঁপিয়ে জয় সুনিশ্চিত করেছেন।
টুর্নামেন্টটা মূলত ক্রস বর্ডার ক্লাব প্রতিযোগিতা। তাতে অংশ নেয় মেজর লিগ সকার ক্লাব ও মেক্সিকোর লিগা এমএক্সের দলগুলো। দুই দলের দ্বৈরথ বেশ কিছু সুযোগ তৈরি করলেও অভিজ্ঞ সুয়ারেজ গড়ে দেন পার্থক্য। তাতে শিরোপা পুনরুদ্ধারের আশা বেঁচে রয়েছে মায়ামির। তারা ২০২৩ সালে মেসির প্রথম মৌসুমে শিরোপা ঘরে তুলেছিল।
সব কিছু মায়ামির অনুকূলে চলে আসে ২০ মিনিটে। হাভিয়ের আকুইনো হ্যান্ডবল করলে পেনাল্টি পায় মায়ামি। স্পট কিক থেকে গোল করতে সুয়ারেজের কোনও ভুল হয়নি। তার পর অবশ্য উত্তেজক পরিস্থিতিরও জন্ম নেয়। মায়ামির রদ্রিগো দে পল ও প্রতিপক্ষের উরুগুইয়ান খেলোয়াড় ফার্নান্দো গোরিরান বাদানুবাদে জড়ান। তাদের শান্ত করতে এগিয়ে আসেন সুয়ারেজ।
বিরতির সময় পরিস্থিতি আরও জটিল হয় মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো লাল কার্ড দেখে বিদায় নিলে। প্রথমার্ধে যোগ হওয়া সময় শেষ হওয়ার পরও খেলা চালিয়ে যাওয়ায় অফিশিয়ালদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে লাল কার্ড দেখেন তিনি।
তারপর স্ট্যান্ড থেকে খেলা দেখতে বাধ্য হন মায়ামি কোচ। তার পর দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে সমতা ফেরায় টাইগ্রেস। গোল করেন অ্যাঙ্গেল কোরেয়া।
খেলাটা যখন শেষ দিকে যাচ্ছে ৮৭ মিনিটে আবার হ্যান্ড বল করেন আকুইনো। ভার রিভিউর পর সেটা নিশ্চিত হলে আবারও পেনাল্টি থেকে গোল করেন সুয়ারেজ।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: