[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ইসরায়েলের ম্যাচ টিকিটের আয় ফিলিস্তিনে দেবে নরওয়ে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ আগষ্ট ২০২৫ ১৬:০৮ পিএম

ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সরব ইউরোপের অনেক দেশ। এবার ফুটবল দিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে নরওয়ে। নরওয়ের ফুটবল ফেডারেশন (এনএফএফ) ঘোষণা করেছে, আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে তাদের ম্যাচ থেকে পাওয়া টিকিট বিক্রির আয় গাজায় মানবিক সহায়তার কাজে দান করা হবে।

 

১১ অক্টোবর অসলোতে উলেভাল স্টেডিয়ামে গ্রুপ আইয়ের ম্যাচে নরওয়ে মুখোমুখি হবে ইসরায়েল। টিকিট বিক্রি শুরু হবে ২৫ আগস্ট থেকে।


মঙ্গলবার এক বিবৃতিতে এনএফএফ সভাপতি লিসে ক্ল্যাভেনেসকে উদ্ধৃত করে বলা হয়েছে ঠিক কী কারণে তারা এই উদ্যোগ নিয়েছেন, ‘আমরা কিংবা অন্য কোনও সংগঠন গাজায় দীর্ঘদিন ধরে যে মানবিক ভোগান্তি ও বেসামরিক জনগণের ওপর এক তরফা হামলা চালানো হচ্ছে, তার প্রতি উদাসীন থাকতে পারি না। আমরা টিকিট বিক্রির আয় এমন একটি মানবিক সংস্থায় দান করতে চাই, যারা প্রতিদিন গাজায় জীবন বাঁচাচ্ছে এবং সরাসরি জরুরি সহায়তা দিচ্ছে।’

এদিকে, বুধবার ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ) প্রতিক্রিয়া জানিয়ে নরওয়েজিয়ান ফেডারেশনকে আহ্বান জানিয়েছে, তারা যেন ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলারও নিন্দা জানায় এবং নিশ্চিত করে যে, এই অর্থ কোনও সন্ত্রাসী সংগঠন কিংবা তিমি শিকার সংক্রান্ত কাজে স্থানান্তর করা হবে না।

এনএফএফ আবার জানিয়েছে, তারা ম্যাচটির নিরাপত্তা নিয়ে উয়েফা ও স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। ২৬ হাজার আসনের স্টেডিয়ামে নিরাপত্তাজনিত কারণে প্রায় ৩ হাজার আসন কমানো হতে পারে।

এখানে উল্লেখ্য, গত বছরের অক্টোবরের পর থেকে ইসরায়েল নিজ দেশে কোনও ম্যাচই আয়োজন করতে পারছে না। চলতি বছরের মার্চে হাঙ্গেরিতে হোম ম্যাচে তারা নরওয়ের মুখোমুখি হয়েছিল। তাতে নরওয়ে ৪-২ গোলে জয় পায়। বর্তমানে পাঁচ দলের গ্রুপে নরওয়ে শীর্ষে রয়েছে। পরে রয়েছে ইসরায়েল ও ইতালি।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর