চ্যাম্পিয়ন্স লিগ খেলতে লাওস গেলেন পাঁচ নারী ফুটলার
এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পায় না বাংলাদেশের কোন ক্লাব। তবে ভুটানের রয়েল থিম্পু কলেজের হয়ে খেলতে বৃহস্পতিবার লাওসে গেলেন আফঈদা খন্দকারসহ বাংলাদেশের পাঁচজন ফুটবলার। বাকিরা হলেন- তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, শাহেদা আক্তার রিপা ও স্বপ্না রানী।
গত আসরে ভুটানের রয়েল থিম্পু কলেজ দলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলেছেন ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা ও মনিকা চাকমা। সাবিনা খাতুন গেলেও তার খেলা হয়নি নিবন্ধন ঝামেলার কারণে। এবারের চ্যাম্পিয়ন্স লিগেও খেলছে ভুটানের ক্লাবটি। রয়েল থিম্পু কলেজের হয়ে ভুটানের ঘরোয়া লিগ খেলছেন তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র।
পরে রিপাও খেলেছেন দলটির জার্সিতে ঘরোয়া লিগে। তবে আফঈদা খন্দকার ও স্বপ্না রানী ক্লাবটিতে নিবন্ধিত হয়েছেন শুধু চ্যাম্পিয়ন্স লিগ খেলতে। এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বের খেলা শুরু হবে ২৫ আগস্ট। আফঈদাদের ক্লাব রয়েল থিম্পু কলেজ পড়েছে 'ডি' গ্রুপে। প্রতিপক্ষ চাইনিজ তাইপে, উত্তর কোরিয়া ও লাওসের ক্লাব। এই গ্রুপের খেলা হবে লাওসে ২৫ থেকে ৩১ আগস্ট।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: