[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ভারতের কাছে হারল মেয়েরা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ আগষ্ট ২০২৫ ১৯:০৮ পিএম

সাফ অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। যদিও প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছিল লাল-সবুজের কিশোরীরা।

 

শুক্রবার থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি তারা।

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলতে থাকে ভারত। ম্যাচের চতুর্থ মিনিটেই ভারতের আনুশকা কুমারী বল নিয়ে বক্সে ঢুকে গোলকিপারকে পরাস্ত করে ফাঁকা পোস্টের সামনে দাঁড়িয়েও অফসাইডের কারণে গোল বঞ্চিত হন। মিনিট খানেক পরই ভারতের একটি দূরপাল্লার শট অনায়াসে তালুবন্দি করেন বাংলাদেশের গোলকিপার ইয়ারজান বেগম।


১৪ মিনিটে অবশেষে এগিয়ে যায় ভারত। সতীর্থের ক্রস থেকে বক্সের বাইরে বল পেয়ে যান পার্ল ফার্নান্দেজ। ফার পোস্ট লক্ষ্য করে নেওয়া তার মাটি কামড়ানো শটে গোলকিপার ইয়ারজানের হাত ছুঁয়ে বল জালে জড়া (১-০)। ২৬ মিনিটে বাংলাদেশের পক্ষে ফ্রিকিক নেন ফাতিমা আক্তার। বক্সের ডান প্রান্ত থেকে নেওয়া তার শট সহজেই ধরেন ভারতের গোলকিপার মুন্নি। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ভারত।


দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ভারত। বাংলাদেশের পক্ষেও গোল পরিশোধের চেষ্টায় আক্রমণের ধার বাড়ে, তবে ভারতের রক্ষণে গিয়ে বারবার থেমে যায় সব প্রচেষ্টা। ৭৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ভারত। আলিশা লিংদোর নেওয়া কর্নার কিক থেকে উড়ে আসা বলে বক্সের মধ্যে ফাঁকায় থাকা বনিফিলিয়া শুল্লাই দুর্দান্ত ভলিতে বল জালে জড়ান (২-০)।

শেষ মুহূর্তে দুই দল কিছু গোলের সুযোগ তৈরি করলেও আর কোনো গোল হয়নি। ফলে নির্ধারিত সময় শেষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। এই জয়ে টানা দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শিরোপার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল দলটি।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর