বিএফএল- নতুন নামে পেশাদার লিগ শুরু শুক্রবার
এক যুগ পর নতুন নামে শুক্রবার থেকে শুরু হচ্ছে পেশাদার ফুটবল লিগের আসর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ নয়, নতুন নাম হচ্ছে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)। দুটো ম্যাচই শুরু হবে বেলা ২টা ৪৫ মিনিটে।
মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ দুই ভেন্যুতে শুরু হচ্ছে লিগের খেলা। মাত্র ২৪ ঘন্টা আগে সিদ্ধান্ত হওয়ায় এখন নতুন নাম, লোগো দিয়ে ব্যানার, বোর্ড বানানোর তোড়জোড় চলছে। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে ঢাকা আবাহনীর মুখোমুখি হবে রহমতগঞ্জ এবং মানিকগঞ্জের শহিদ মিরাজ-তপন স্টেডিয়ামে লড়বে দুই পড়শী আরামবাগ ক্রীড়া সংঘ ও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব।
জানা গেছে, ইন্টারনেট ওয়েবসাইটে বিপিএল সার্চ দিলে ক্রিকেটের বিপিএলের খবর ও ছবি বেশি পাওয়া যায়। তাছাড়া দুটো প্রায় সামঞ্জস্য হওয়ায় সাধারণ ক্রীড়াপ্রেমীরা অনেক সময় ধন্দে পড়েন। এটা ছাড়াও ঘরোয়া ফুটবলের লিগকে নতুন ব্র্যান্ডিংয়ের জন্য নতুন নামকরণ করা হয়েছে বলে জানিয়েছে ফেডারেশন সুত্র। নামকরণ পরিবর্তন হওয়ায় লিগের লোগোতেও পরিবর্তন আসছে।
২০০৭ সালে বাফুফে পেশাদার লিগ শুরু করে। তখন বাফুফে প্রিমিয়ার লিগকে বি-লিগ নামকরণ করেন। ২০০৮ সালে কাজী সালাউদ্দিন বাফুফে সভাপতি হওয়ার পর বি লিগের নাম সম্প্রসারণ করেন। ফুটবল বহির্বিশ্বে অনেকে বি-লিগে বুঝতেন দ্বিতীয় স্তরের লিগ। এজন্য তিনি বি-লিগ সম্প্রসারণ করে বাংলাদেশ লিগ হয়। ২০১১ সালে নাম আবার পরিবর্তন হয়ে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ হয়। এক যুগের বেশি সময় ধরে এই নামেই ঘরোয়া ফুটবলের শীর্ষ লিগ পরিচালিত হয়ে আসছে। তবে আজ থেকে শুরু হতে যাওয়া লিগের নামকরণ হয়েছে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)। এর আগে পেশাদার লিগ কমিটি নামকরণ পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল।
বুধবার বাফুফের নির্বাহী কমিটির জরুরি সভায় নানা মতামতের পর ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। লিগ কমিটি ক্লাবগুলোর প্রতিনিধির মতামতের প্রেক্ষিতে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) নামের চুড়ান্ত অনুমোদন দেন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: