দুই ম্যাচ হেরে চ্যালেঞ্জ লিগ শেষ কিংসের
এএফসি চ্যালেঞ্জ লিগের স্বপ্ন বাঁচিয়ে রাখতে জিততেই হতো বসুন্ধরা কিংসকে। কিন্তু প্রথম ম্যাচে আল সিবের কাছে ৩-২ গোলে হারের পর আজ বাঁচা-মরার এই ম্যাচেও ব্যর্থ হলো বাংলাদেশের চ্যাম্পিয়নরা। আল আনসারের কাছে ৩-০ ব্যবধানে পরাজিত হওয়ায় এক ম্যাচ বাকি থাকতেই কিংসের এএফসি চ্যালেঞ্জ লিগের স্বপ্ন শেষ হলো।
কুয়েতের জাবের আল মুবারক স্টেডিয়ামে আজ (২৮ অক্টোবর) অথচ ম্যাচের শুরুতেই লিড নেয়ার দারুণ সুযোগ পেয়েছিল কিংস। ম্যাচের চতুর্থ মিনিটে সতীর্থ এমানুয়েল সানডের পাস বক্সের মধ্যে পেয়ে যান ডোরিয়েলটন। তার সামনে তখন আল আনসারের গোলরক্ষক নাজি আসাদ ছাড়া কেউ ছিল না। কিন্তু ডোরিয়েলটন বল মারেন সরাসরি গোলরক্ষকের শরীরে, যা থেকে শুরু কিংসের হতাশা।
২২ মিনিটে ডোরিয়েলটন আরও একটি সুযোগ পান, কিন্তু এবারও ব্যর্থ তিনি। বাম প্রান্ত দিয়ে বক্সে ঢোকার সময় তার বলে স্পর্শ জোরালো হওয়ায় লেবাননের ক্লাবটির গোলরক্ষক শট নেয়ার আগেই বল ধরে ফেলেন। এর বিপরীতে প্রথমার্ধ শেষ হওয়ার ২ মিনিট আগে গোল হজম করে বসে কিংস। বাঁ প্রান্ত থেকে ৪৩ মিনিটে মোহাম্মদ হেবুসের ফ্রি-কিকে গোলবারে হেড নেন আবুবকর জিবরিন আকুকি। গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ ক্লিয়ার করার চেষ্টা করেও ব্যর্থ হন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫৩ মিনিটে অবশ্য শ্রাবণ কিংসকে দ্বিতীয় গোল হজম করা থেকে রক্ষা করেন। বাঁ-দিকে ঝাঁপিয়ে তিনি আলি টিনিচের পেনাল্টি সেভ করে দেন। ৬৩ মিনিটে টিনিচ তাকে পরাস্ত করলেও হ্যান্ডবল হওয়ায় তার গোলটি পরে রেফারি বাতিল করে দেন। ফিরতি মিনিটেই কিংস সমতায় ফেরার দারুণ সুযোগ পায়, কিন্তু এবার সানডের শট জালে জড়াতে দেননি আনসারের গোলরক্ষক।
৭৪ মিনিটে প্রতিপক্ষকে আবারও পেনাল্টি উপহার দিয়ে নিজেদের বিপদ ডেকে আনে কিংস। এবার আর মিস করেননি হিসেম খালফাল্লাহ। বাঁ-পায়ে আনসারকে ২-০ লিড এনে দেন তিনি। পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে দুই-একটা আক্রমণ করে কিংস, কিন্তু সফল হয়নি। উল্টো যোগ করা সময়ে হেবুসের গোলে তৃতীয় গোল হজম করে কিংস। এই হারে এএফসি চ্যালেঞ্জ লিগের স্বপ্ন শেষ হলো কিংসের। শেষ ম্যাচে কুয়েত এসসির বিপক্ষে জিতলেও তা কোনো কাজে আসবে না।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: