ভারত ও নেপালের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছেন সমিত
আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলে যোগ দিতে বাংলাদেশে পৌঁছেছেন কানাডা লিগে খেলা মিডফিল্ডার সমিত সোম।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১১টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন কাভালরি এফসির এই তারকা। আজ বুধবার বিকেল পর্যন্ত বিশ্রাম নিয়ে জাতীয় স্টেডিয়ামে দলের সঙ্গে অনুশীলন সেশন করার কথা রয়েছে তার।
গত সোমবার (১০ নভেম্বর) কানাডায় ম্যাচ খেলার পরপরই দেশের উদ্দেশ্যে রওনা দেন ২৮ বছর বয়সী সমিত সোম। হাভিয়ের কাবরেরার দল যেহেতু আগামীকাল রাত ৮টায় নেপালের বিপক্ষে মাঠে নামবে, তাই স্প্যানিশ কোচ আজ সন্ধ্যায় ফ্লাডলাইটের আলোয় অনুশীলন সেশন রেখেছেন।
শারীরিক অবস্থা বিবেচনা করে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে সমিতকে বদলি হিসেবে দ্বিতীয়ার্ধে মাঠে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, অভ্যন্তরীণ টালমাটাল পরিস্থিতি সামলে ম্যাচের দুই দিন আগে মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ঢাকায় এসে পৌঁছেছে প্রতিপক্ষ নেপাল দল। ঘরোয়া লিগের দাবিতে ফুটবলারদের আন্দোলনের অস্থিরতার মধ্যেই নির্ধারিত সূচিতে ঢাকায় এসেছে নেপাল জাতীয় ফুটবল দল।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: