[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ইউরোপের দলের সঙ্গে খেলবেন বলে রোমাঞ্চিত আফঈদা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫ ১৯:১১ পিএম

আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় এশিয়া কাপ খেলবে জাতীয় নারী ফুটবল দল। ওই টুর্নামেন্টের প্রস্তুতিমূলক একটি সিরিজ ঢাকায় শুরু হবে বুধবার। যেখানে বাংলাদেশ ছাড়াও লড়বে এশিয়ার দেশ মালয়েশিয়া ও ইউরোপের আজারবাইজান। এর আগে এশিয়া ও মধ্য এশিয়ার দলগুলোর সঙ্গে খেললেও ইউরোপের কোন দেশের সঙ্গে খেলেননি ঋতুপর্ণা চাকমারা।

এমন সুযোগ পেয়ে রোমাঞ্চিত দলের অধিনায়ক আফিদা খন্দকার। সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) সিরিজ পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে লাল সবুজের এই অধিনায়ক বলেন, ‘ইউরোপের দলের বিপক্ষে ম্যাচ আমাদের জন্য ভালোই হবে। তাদের ভিডিও ফুটেজ এখনো দেখিনি। কোচ নিশ্চয়ই ম্যাচের আগে আমাদের তা দেখাবেন।’

থাইল্যান্ডে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচের পর কোচ ফুটবলারদের খেলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবার প্রায় তিন সপ্তাহে পুরো দল পাওয়ায় খুশি ব্রিটিশ কোচ পিটার বাটলার, ‘থাইল্যান্ড সফরের আগে খুব স্বল্প সময় ছিল প্রস্তুতির জন্য। এবার ২২ দিন এক সঙ্গে অনুশীলন হয়েছে। আশা করি পারফরম্যান্স অবশ্যই ভালো হবে।’
মালয়েশিয়া র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে দশ ধাপ এগিয়ে থাকলেও আগে তাদের হারানোর রেকর্ড রয়েছে। আজারবাইজাইন ইউরোপীয়ন দল হলেও তাদের র‌্যাংকিং ৭৪। যেখানে বাংলাদেশ মিয়ানমারের মতো আরো এগিয়ে থাকা দলের বিপক্ষে জিতেছে। ফলে বাংলাদেশ দুই ম্যাচই জিতে এশিয়া কাপের প্রস্তুতি স্বাভাবিক রাখতে চায়। কোচের কথা, ‘আমরা অবশ্যই সঠিক পথে রয়েছি। সামনের দু’টো ম্যাচে ইতিবাচক ফলাফলই প্রত্যাশা করছি। কোরিয়া, থাইল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে গোল হজম করা স্বাভাবিক, আমি বাস্তবিক জগতে বাস করি।’ এখানে খেলা শেষ করে মেয়েরা আবার চট্টগ্রাম ফিরে যাবে। তারপর মালয়েশিয়ায় সিনিয়র ও অ-২০ দল এক সঙ্গে ট্রেনিংয়ে যাবে।

মালয়েশিয়া জাতীয় ও ক্লাব দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে। ১৫ ডিসেম্বর থেকে নারী ফুটবল লিগ আয়োজনের পরিকল্পনা ছিল বাফুফের। সেই পরিকল্পনা থেকে সরে এসেছে বাফুফে। জানা গেছে, এখনো দলবদলের কার্যক্রম চলছে। দলবদলের পর প্রস্তুতির সময় দিতে হবে ক্লাবগুলোকে। ১৫ ডিসেম্বর লিগ শুরু করা যাবে না। ২৭-২৮ তারিখের আগে চালু করা যাচ্ছে না বলেও জানা গেছে। ৫ ডিসেম্বর নেপালের কাঠমান্ডুতে নারী সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ শুরু হবে। ওই টুর্নামেন্টে বাংলাদেশের ক্লাব নাসরিন অংশগ্রহণ করবে। সেখানে অ-১৭ ও ২০ দলের ফুটবলারদেরই খেলার অনুমতি দিচ্ছে বাফুফে। মালয়েশিয়া এখন ঢাকায়। আজারবাইজান আসছে আজ। ২৯ নভেম্বর মালয়েশিয়া এবং ২ ডিসেম্বর আজারবাইজানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

এদিকে চুক্তিভ্ক্তু হলেও সিনিয়র পাঁচ ফুটবলারকে জাতীয় দলে না ডাকার বিষয়ে অনড় কোচ পিটার। সংবাদ সম্মেলনে সাবিনা খাতুন, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার ও মাতসুশিমা সুমাইয়াদের বিষয়ে কোন কথা বলতে চাননি তিনি।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর