[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

মর্যাদার লড়াইয়ে আবাহনীকে হারিয়ে প্রথম জয় মোহামেডানের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫ ১৯:১১ পিএম

দু’দিন আগেও বেতন-ভাতার জন্য অনুশীলন বয়কট করেছিলেন মোহামেডানের ফুটবলাররা। অনেক বুঝিয়ে দলটিকে মাঠে নামান সাদা কালো কর্মকর্তারা। ভাঙ্গা-চোরা সেই দলটিই কিনা এবার প্রথম জয় পেল আবাহনীকে হারিয়ে। চিরপ্রতিদ্বন্দ্বিদের হারিয়ে বাংলাদেশ ফুটবল লিগে প্রথমবার পূর্ণ তিন পয়েণ্ট পেল মতিঝিল পাড়ার ঐতিহ্যবাহী ক্লাবটি। সোমবার কুমিল্লায় অনুষ্ঠিত ম্যাচে তারা ৩-২ গোলে হারিয়ে দিয়েছে আকাশী-হলুদদের।


শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের ম্যাচে প্রথমার্ধে মোহামেডান ২-০ ব্যবধানে এগিয়েছিল। তাদের হয়ে গোল করেন ঘানার এমানুয়েল কেকে, স্যামুয়েল বোয়েটেং ও রহিম উদ্দিন। আবাহনীর গোলদাতা পাপন সিং ও শেখ মোরসালিন। ২০ মিনিটে রহিম উদ্দিনের গোলে এগিয়ে যায় মোহামেডান। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কেকে। ৫৮ মিনিটে বোয়েটেং গোল করলে বড় ব্যবধানে জয়ের দিকে এগিয়ে যেতে থাকে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে আবাহনী ঘুরে দাঁড়ানোর আভাস দেয় ৭৩ ও ৭৯ মিনিটে দুই গোলে করে। শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি আবাহনী। প্রিমিয়ার ফুটবল লিগে সাতবারের সাক্ষাতে মোহামেডানের কাছে তিনবার হারলো আবাহনী। গত মৌসুমের দুই ম্যাচের একটি জিতেছিল মোহামেডান, একটি ম্যাচ ড্র হয়েছিল। ২০২২-২৩ মৌসুমে লিগের প্রথম ম্যাচে আবাহনী জিতেছিল মোহামেডানের বিপক্ষে। এরপর ৬ ম্যাচেও জয়ের মুখ দেখা হলো না আবাহনীর। এই জয়ে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে তলানী থেকে সপ্তমস্থানে উঠে এসেছে সাদা কালোরা। সমান ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে পরের স্থানেই রয়েছে আবাহনী।

এদিকে মানিকগঞ্জের মিরাজ-তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কিংস ২-০ গোলে হারিয়েছে আরামবাগকে। জয়ী দলের ব্রাজিলিয়ান ডরিয়েলটন গোমেজ একই দুই গোল করেন। এই জয়ে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে কিংস। সমান ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে নবমস্থানে আরামবাগ। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্ল. লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ২-০ গোলে হারায় ফকিরেরপুল ইয়ংমেন্সকে। জয়ী দলের হয়ে নেপালের সানিশ শ্রেষ্ঠা ও অনিক বিস্তা গোল দুটি করেন। এই জয়ে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে গোপীবাগের দলটি। সমান ম্যাচে এক পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে ফকিরেরপুল। অন্যদিকে কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ফর্টিজ এফসি ও পুলিশের মধ্যকার দিনের আরেক ম্যাচ গোলশূণ্য ড্র হয়। এই ড্রয়ে তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে পুলিশ। সমান ম্যাচ খেললেও চার পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে ফর্টিজ।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর