[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

সাফ ক্লাব কাপে খেলতে আজ নেপাল যাচ্ছে নাসরিন স্পোর্টস একাডেমি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫ ১৬:১২ পিএম

সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপে খেলতে আজ বুধবার সন্ধ্যায় নেপাল যাচ্ছে নারী লিগের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমি। তবে দল গঠন, স্কোয়াড ঘোষণাসহ নানা বিষয়ে এবার বেশ গোপনীয়তা দেখা গেছে ক্লাব ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)।

আন্তর্জাতিক টুর্নামেন্টে নামার আগে দলটির তালিকা জানানো হয়নি। তাই দল নিয়ে স্বাভাবিক কৌতূহল আরও বেড়েছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, অনূর্ধ্ব-১৭ ও অ-২০ দলের কয়েকজন ফুটবলার আলপি আক্তার, সুরভী আক্তার, অর্পিতারা নাসরিনের হয়ে খেলবেন। ক্লাবের প্রস্তুতি নিয়েও রয়েছে প্রশ্ন। একসঙ্গে দলবদ্ধ অনুশীলন হয়নি বললেই চলে। তারপরও দেশের প্রতিনিধিত্ব করতে কাঠমান্ডুর মাটিতে নামছে নাসরিন একাডেমি।


প্রথম এই আসরে বাংলাদেশের নাসরিন স্পোর্টস একাডেমি ছাড়াও অংশ নিচ্ছে ভারতের ইস্টবেঙ্গল, পাকিস্তানের করাচি সিটি এফসি, ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেড লেডিস এফসি এবং স্বাগতিক নেপালের এপিএফ ফুটবল ক্লাব। কাঠমান্ডুতে শুক্রবার শুরু হবে টুর্নামেন্ট, চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।

উদ্বোধনী দিনেই মাঠে গড়াবে প্রথম ম্যাচ, যেখানে স্বাগতিক এপিএফ (আর্মড পুলিশ ফোর্স) ক্লাবের মুখোমুখি হবে নাসরিন স্পোর্টস। টুর্নামেন্টটি রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে হবে। প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে।

পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলকে নিয়ে ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। ৮ ডিসেম্বর করাচি সিটি এফসি, ১৪ ডিসেম্বর ইস্টবেঙ্গল এবং ১৭ ডিসেম্বর ট্রান্সপোর্ট ইউনাইটেডের বিপক্ষে খেলবে নাসরিন স্পোর্টস একাডেমি।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর