বিশ্বকাপ খেলতে ৪১ বছর বয়সে ব্রাজিল ছাড়ছেন সিলভা!
স্বদেশি ক্লাব ফ্লুমিনেন্সের সঙ্গে সম্পর্কের ইতি টানলেন ব্রাজিলের কিংবদন্তি থিয়াগো সিলভা। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামী বছরের বিশ্বকাপের দলে জায়গা নিশ্চিত করতে ৪১ বছর বয়সী এই সেন্টারব্যাক ইউরোপিয়ান ক্লাব ফুটবলে ফেরার লক্ষ্য নির্ধারণ করেছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) ফ্লুমিনেন্স জানিয়েছে, চুক্তির ৬ মাস বাকি থাকতেই সিলভা ক্লাবটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। তিনি গত বছরের মে মাসে রিও ডি জেনেইরোর ক্লাবটিতে যোগ দিয়েছিলেন। ক্লাবটি এক বিবৃতিতে বলেছে,‘এসি মিলান, প্যারিস সেন্ট জার্মেই ও চেলসির এই সাবেক ডিফেন্ডার ফ্লুমিনেন্সে রেখে যাচ্ছেন নিবেদন ও ভালোবাসার এক অনন্য উত্তরাধিকার।’ উল্লেখ্য, সিলভা ২০০৬-০৮ পর্যন্ত এই ক্লাবে খেলেই ইউরোপে পাড়ি দিয়েছিলেন।
মূলত বেশ কিছুদিন ধরেই থিয়াগো সিলভার চেলসিতে প্রত্যাবর্তনের গুঞ্জন ডালপালা মেলেছে। গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) চেলসির ডিফেন্ডার জন টেরি টিকটকে জানান, তিনি সিলভাকে ফের স্টামফোর্ড ব্রিজে দেখতে চান। ২০২১ সালে চেলসি যেবার দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগ জিতেছিল সেখানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এই ব্রাজিলিয়ান। টেরি আরও বলেন,‘ওর দুই সন্তান আমাদের একাডেমিতে আছে। কোনো সন্দেহ নেই, সে পরিবারসহ বড়দিনে লন্ডনে ফিরবে।’
গত জুলাইয়ে ক্লাব বিশ্বকাপে ফ্লুমিনেন্সকে সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন থিয়াগো সিলভা এবং মৌসুমের বেশিরভাগ সময়ই ছিলেন শুরুর একাদশে। ব্রাজিলের ক্লাব ফুটবলের মৌসুম শেষ হয় ডিসেম্বর মাসে।
টানা চারটি বিশ্বকাপে জাতীয় দলের হয়ে সিলভা ব্রাজিলের স্কোয়াডে ছিলেন। ব্রাজিলের জার্সিতে তিনি ২০১৩ সালের কনফেডারেশন্স কাপ এবং ২০১৯ সালের কোপা আমেরিকাও জিতেছেন। কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ হয়ে আসার পর এখনো জাতীয় দলে ডাক পাননি সিলভা।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: