[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ট্রাম্প ও ফিফার মধ্যকার গোপন পরিকল্পনা ফাঁস!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫ ০৯:১২ এএম

চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হয়েছিল ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র। সেখানেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দেয়া হয়েছিল ‘ফিফা শান্তি পুরস্কার’। যা নিয়ে তখন ব্যাপক সমালোচনা তৈরি হয়েছিল। এবার সামনে আরও এক চাঞ্চল্যকর তথ্য।

সম্প্রতি যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য সানডে টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, হোয়াইট হাউজের নির্দেশনা মেনেই নাকি তৈরি করা হয় ফিফা পিস প্রাইজ। প্রতিবেদনে আরও বলা হয়, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো যে ‘ফিফা পিস প্রাইজ’ চালু করেন, সেটি নিয়ে ফিফার কাছে একগুচ্ছ শর্তও দেয় হোয়াইট হাউজ।

ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বড় দাবি ছিল– ফিফার প্রথম পিস প্রাইজ ট্রফির আকার যেন ফিফা বিশ্বকাপ ট্রফির সমান হয়। ফিফার ফুটবল বিশ্বকাপ ট্রফির উচ্চতা ১৪.৫ ইঞ্চি এবং এতে ১৮ ক্যারেট খাঁটি সোনা ব্যবহৃত হয়। শান্তি পুরস্কারের ট্রফি নিয়ে সুনির্দিষ্ট বিবরণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে, এর উচ্চতা অন্তত এক ফুট।

হোয়াইট হাউজ দাবি করেছিল, পুরস্কার গ্রহণের সময় ট্রাম্পের পাশে দু’জন সেনা সদস্য দাঁড়িয়ে থাকবেন। যদিও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। তবে অনুষ্ঠানে দুইজন মার্কিন নৌ-সদস্য ট্রাম্পের হাতে সেই উপহার তুলে দেন।

গণমাধ্যমটি আরও জানিয়েছে, পুরস্কার ঘোষণার আগে ট্রাম্প ও ফিফা প্রকাশ্যে এমন ভান করেছেন, যেন পুরস্কারটি কে পাবেন তা আগে থেকে জানা ছিল না। ট্রাম্প নিজেই ফিফার সঙ্গে সমন্বয় করে নিজেকে এই সম্মান দেওয়ার ব্যবস্থা করেছেন। গত ৫ নভেম্বর ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার পরই ফিফা নতুন এই ‘শান্তি পুরস্কার’ চালুর ঘোষণা দেয়।

শান্তি পুরস্কার বিতর্কের আগেও ট্রাম্প ও ইনফান্তিনোর বন্ধুত্ব ছিল সবার সামনে স্পষ্ট। পরবর্তীতে নীতি ভেঙে ওই পুরস্কার দেয়া হয় বলেও অভিযোগ ওঠে ফিফা সভাপতির বিরুদ্ধে। ইতোমধ্যে ফিফার নৈতিকতা পর্যবেক্ষক সংস্থা তদন্ত শুরু হয়েছে।

ফেয়ারস্কয়ার নামের একটি অধিকারকর্মী সংগঠন অভিযোগ করেছে, রাজনৈতিক নিরপেক্ষতার বাধ্যবাধকতা লঙ্ঘন করে ইনফান্তিনো ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখেছেন।

অভিযোগপত্রে বলা হয়, দেশে-বিদেশে প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডাকে প্রকাশ্যে সমর্থন দিয়ে ইনফান্তিনো ফিফার নিরপেক্ষতার নীতি লঙ্ঘন করেছেন, যা ফুটবল ও ফিফার সুনাম ও অখণ্ডতার জন্য গুরুতর হুমকি।

ট্রাম্পকে ‘বিশ্ব শান্তিতে অবদান’-এর জন্য একটি ট্রফি, একটি মেডেল এবং একটি সনদ দেওয়া হয়। অথচ নোবেল শান্তি পুরস্কার বিজয়ীরা কেবল একটি মেডেলই পেয়ে থাকেন। ট্রাম্পকে নানা সুবিধা দেওয়ার পাশাপাশি ইনফান্তিনো যে মার্কিন প্রেসিডেন্টের কিছু পরিকল্পনার আগাম খবরও রাখেন, তার ইঙ্গিত পাওয়া গেছে।

কেনেডি সেন্টারে অনুষ্ঠিত বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে ইনফান্তিনো ভেন্যুটিকে ‘ট্রাম্প-কেনেডি সেন্টার’ বলে উল্লেখ করেন। এর দুই সপ্তাহ পর ট্রাম্প মনোনীত কেনেডি সেন্টারের পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তনের পক্ষে ভোট দেয়। যদিও সেজন্য কংগ্রেসের অনুমোদন নিতে হবে।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর