[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

নানা নাটকীয়তা শেষে আগামীকাল কুমিল্লায় কিংস-মোহামেডান ‘মহারণ’

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫ ২০:১২ পিএম

ভেন্যু নিয়ে জটিলতা এবং ফিকশ্চারে বড়সড় রদবদলের পর অবশেষে ফেডারেশন কাপের সেই বহুল কাক্সিক্ষত ম্যাচে আগামীকাল মুখোমুখি হতে যাচ্ছে বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর আড়াইটায় কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই হাইভোল্টেজ ম্যাচটি।

এই একটি মাত্র স্থগিত ম্যাচের জন্য ফেডারেশন কাপের পুরো সূচিতেই পরিবর্তন আনা হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ২৩ ডিসেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় ব্রাদার্স ইউনিয়ন বনাম পিডাব্লিউডি স্পোর্টস ক্লাব এবং কুমিল্লায় রহমতগঞ্জ এমএফএস বনাম আবাহনী লিমিটেডের ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু কিংস-মোহামেডান ম্যাচটি আয়োজনের সুবিধার্থে এবং আনুষঙ্গিক লজিস্টিক কারণে টুর্নামেন্টের পরবর্তী সব ম্যাচ এক সপ্তাহ করে পিছিয়ে দেওয়া হয়েছে। ফলে ২৩ ডিসেম্বরের ম্যাচগুলো এখন অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর, এবং ৩০ ডিসেম্বরের ম্যাচগুলো তারও পরে সরিয়ে নেওয়া হয়েছে।

মূলত কিংস ও মোহামেডানের মধ্যকার এই ম্যাচটি ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কুমিল্লায় বিজয় দিবসের অনুষ্ঠানের কারণে সে সময় ম্যাচটি আয়োজন করা সম্ভব হয়নি। পরবর্তীতে নিরাপত্তা শঙ্কা এবং ঢাকায় দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে মোহামেডানের অস্বীকৃতির কারণে জটিলতা বাড়ে। শেষ পর্যন্ত দর্শকহীন মাঠে খেলার চেয়ে ম্যাচটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তই বেছে নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

মাঠের লড়াইয়ের সমীকরণে ‘বি’ গ্রুপে বর্তমানে সুবিধাজনক অবস্থানে রয়েছে মোহামেডান। দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে তারা গ্রুপের শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে, ফর্টিস এফসির সঙ্গে ড্র করে এক ম্যাচ শেষে বসুন্ধরা কিংসের ঝুলিতে রয়েছে ১ পয়েন্ট। তবে গত ১২ ডিসেম্বর লিগের ম্যাচে মোহামেডানকে ২-০ গোলে হারানোর সুখস্মৃতি থাকায় বেশ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে কিংস। সব মিলিয়ে ফেডারেশন কাপের এই জমজমাট লড়াই দেখার অপেক্ষায় এখন ফুটবলপ্রেমীরা।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর