মোহামেডান-কিংস হারেনি কেউই
প্রিমিয়ার ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। অন্যদিকে ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন কিংস। তবে মঙ্গলবার ফেডারেশন কাপে এই দুই মহারথীর লড়াইয়ে হারেনি কেউই। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সেই কিংসকে রুখে দিয়েছে মোহামেডান। কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্য ড্র করে।
তবে এক পয়েন্ট পেয়ে খুশি মোহামেডানের প্রধান কোচ আলফাজ আহমেদ। তার কথা, ‘ম্যাচ ড্র হলেও আমি খুশি। তবে জিততে পারলে আরও বেশি খুশি হতাম। তারপরও বলব, খুব বেশি খুশি হওয়ার তেমন কিছু নেই। গ্রুপে আমাদের আরেকটি ম্যাচ বাকি রয়েছে। ওই ম্যাচ যদি জিততে পারি তাহলে আমরা কোয়ালিফাই করব এবং সেই ম্যাচের প্রত্যাশায় আমরা থাকছি।’ এ
ই ম্যাচে এক পয়েন্ট পাওয়ায় গ্রুপে সুবিধাজনক অবস্থানে রয়েছে মোহামেডান। দুই ড্র এবং পুলিশের বিপক্ষে এক জয়ে ২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়নদের সংগ্রহ পাঁচ পয়েন্ট।
এদিকে জিততে না পারলেও নিজেদের খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্ট কিংস কোচ মারিও গোমেজ। খেলা শেষে নিজেদের ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়ে গোমেজ বলেন, ‘আমার ফুটবলাররা ভালো খেলেছে, তা নিয়ে আমি খুশি। তবে ড্র হওয়ায় পুরোপুরি খুশি নই। তবুও ঠিক আছে, একটি পয়েন্ট যোগ হয়েছে।’
প্রথম দুই ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের চারে অবস্থান করছে মারিও গোমেজের দল। তাদের ঝুলিতে দুই পয়েন্ট। গোল না পাওয়ায় কিছুটা আক্ষেপ আর্জেন্টাইন এই কোচের, ‘আমাদের কিছু ভালো সুযোগ ছিল, কিন্তু সেগুলো থেকে গোল করতে পারিনি। এই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ আগের ম্যাচে হেরে এসেছিলাম (লিগের খেলায়)। তাই জয়ে ফেরাটা জরুরি ছিল। আমরা ভালো খেলেছি, শুধু গোলটাই দরকার ছিল, এইটুকুই।’
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: