[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

জাতীয় ফুটবল দলকে ‘নিষিদ্ধ’ করলো গ্যাবন সরকার, অবামেয়াংকে বহিষ্কার!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৬ ১০:০১ এএম

আফ্রিকা কাপ অব ন্যাশনসের (অ্যাফকন) প্রথম পর্ব থেকেই ছিটকে গেছে গ্যাবন। গ্রুপ পর্বের তিনটি ম্যাচের মধ্যে সবগুলোতেই হেরে বিদায় নেয়ার পর বিরল সিদ্ধান্ত জানিয়েছে দেশটির সরকার।

মহাদেশীয় শ্রেষ্ঠত্বে প্রতিযোগিতায় এমন পারফর্মেন্সের কারণে পুরো জাতীয় দলকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া পুরো কোচিং স্টাফকে বরখাস্ত করা সহ দলের দুই অভিজ্ঞ খেলোয়াড় পিয়ের-এমেরিক অবামেয়াং ও ব্রুনো একুয়েলে মাঙ্গাকে বহিষ্কার করেছে দেশটির ক্রীড়ামন্ত্রী সিমপ্লিস-দেজিরে মামবুলা।

অ্যাফকনে সবশেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আইভরি কোস্টের বিপক্ষে ৩-২ গোলে হেরে বিদায় নেয় গ্যাবন। পরে বুধবার টেলিভিশনে জাতীয় দলের ওপর স্থগিতাদেশের ঘোষণা দেন দেশটির ভারপ্রাপ্ত ক্রীড়ামন্ত্রী মামবোলা। তিনি বলেন, ‘আফ্রিকা কাপ অব ন্যাশনসে প্যান্থার্সের (গ্যাবন জাতীয় দলের ডাক নাম) বিব্রতকর পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে কোচিং স্টাফ ভেঙে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় দলকে স্থগিতাদেশ এবং খেলোয়াড় ব্রুনো একুয়েলে মাঙ্গা ও পিয়েরে-এমেরিক অবামেয়াংকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ’

ঘোষণাটি প্রচারিত হওয়ার কয়েক ঘণ্টা পর ভিডিও ক্লিপটি মন্ত্রণালয়ের বিভিন্ন প্ল্যাটফর্ম ও টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হয়। পরে আজ আবার সেটি প্রকাশ করা হয়। অ্যাফকনে ‘এফ ’ গ্রুপে প্রথম দুই রাউন্ডে ক্যামেরুন ও মোজাম্বিকের বিপক্ষে হারে বিদায় নিশ্চিত হয়ে যায় গ্যাবনের। শেষ ম্যাচে ২-০ ব্যবধানে এগিয়ে গেলেও, পরে তিন গোল হজম করে গ্যাবন। দেশটির প্রায় দেড় যুগের তারকা স্ট্রাইকার অবামেয়াং ও মাঙ্গার কেউই ওই ম্যাচে খেলেননি। ঊরুর চোটের কারণে জাতীয় দল ছেড়ে ক্লাব মার্সেইয়ে ফিরে গেছেন আর্সেনাল, বার্সেলোনা ও চেলসির মতো ক্লাবে খেলে আসা অবামেয়াং। ধারণা করা হচ্ছে, ৩৬ বছর বয়সী অবামেয়াং ও ৩৭ বছর বয়সী মাঙ্গার আন্তর্জাতিক ক্যারিয়ারের এখানেই শেষ। তবে ফুটবল ফেডারেশনে সরকারি হস্তক্ষেপের আরও ভুগতে হতে পারে গ্যাবনকে। কোনো দেশের ফুটবল ফেডারেশনে সরকরি বা অন্য কোনো ধরনের হস্তক্ষেপ ফিফা কখনওই ভালোভাবে দেখে না। এমন ঘটনায় সংশ্লিষ্ট দেশকে নিষেধাজ্ঞা দেয়া হয়ে থাকে।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর