৮ গোলের রোমাঞ্চকর ম্যাচে ভারতকে রুখে অভিষেক বাংলাদেশের
ফুটসালের অভিজ্ঞতা খুব একটা বেশি নেই কারোরি। তবে বাংলাদেশ ও ভারতের ময়দানী লড়াইয়ে মনে হয়েছে, সেয়ানে সেয়ানে লড়াই। দেখার মতো এক লড়াই। রোলার কোস্টারের মতো কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে জেতেনি কেউই।
আজ বুধবার সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে ৪-৪ গোলে ড্র করে ভারতকে রুখে দিয়েছে বাংলাদেশ। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে দুই অর্ধে (২০ মিনিট করে) গোল হয়েছে চারটি করে। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন কানাডা প্রবাসী অধিনায়ক রাহবার খান ও মঈন আহমেদ। প্রথমে অবশ্য গোলের খাতাটা বাংলাদেশই খোলে। অধিনায়ক রাহবারের পাস থেকে এগিয়ে দেন মঈন। এরপর ভারতকে সমতায় ফেরান আনমোল অধিকারী।
প্রথমার্ধের প্রথম টাইম আউটের আগে বাংলাদেশ আবারও এগিয়ে যায়। এবার মঈনের পাস থেকে গোল করেন রাহবার (২-১)। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ টেকেনি। বিরতির ঠিক আগে ভারতের লালসোয়ামপুইয়া শট বাংলাদেশের তুহিনের পায়ে লেগে আত্মঘাতী গোলে রূপ নেয় (২-২)। দ্বিতীয়ার্ধের শুরুতে লালরিনজুয়ালার পাস থেকে হেডে ভারতকে উচ্ছ্বাসে ভাসান রোলুয়াপুইয়া (৩-২)। বাংলাদেশ সমতা ফেরায় মঈনের গোলে।
ইনতিশারের পাসে বল পেয়ে কোনাকুনি শটে গোল করেন মঈন (৩-৩)। ম্যাচের শেষ মুহূর্তে আরও জমে ওঠে খেলা। ভারতের চতুর্থ গোলটি আসে রোলুয়াপুইয়ার পা থেকে (৪-৩)। কিন্তু তাদের জিততে দেননি রাহবার। আনমোল অধিকারীর ভুলের সুযোগ নিয়ে দারুণ শটে বাংলাদেশকে সমতায় ফেরান অধিনায়ক (৪-৪)। হুটার শেষবারের মতো বাজার আগে বাংলাদেশ এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল কয়েকবার। আজ মাঠে নামবেন সাবিনা খাতুনরা। প্রতিপক্ষ একই, শক্তিশালী ভারত।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: