[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

আফ্রিকার নতুন রাজার নাম জানা যাবে আজ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬ ১৭:০১ পিএম

আফ্রিকা কাপ অফ নেশনস (আফকন) ২০২৫ টুর্নামেন্টের পর্দা নামতে যাচ্ছে। ফাইনালে মুখোমুখি হচ্ছে সেনেগাল ও মরক্কো। এই ম্যাচ দিয়ে নিশ্চিত হচ্ছে একটি বিষয়—এবারের আফকন শিরোপা উঠছে একজন আফ্রিকান কোচের হাতেই। ফাইনালে মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগুই ও সেনেগালের কোচ পাপে থিয়াওয়ের লড়াই আফ্রিকান কোচিংয়ের মান ও সক্ষমতার প্রতীক হয়ে উঠেছে।

রোববার, ১৮ জানুয়ারি মরক্কোর মাটিতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। বর্তমান চ্যাম্পিয়ন আইভরি কোস্টকে সিংহাসনচ্যুত করে নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে আফ্রিকা।

সেমিফাইনালে মরক্কো মুখোমুখি হয়েছিল নাইজেরিয়ার। নির্ধারিত সময় ও অতিরিক্ত ৩০ মিনিটে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে ৪-২ গোলে জিতে ফাইনাল নিশ্চিত করে স্বাগতিকেরা। এই জয়ে ৫০ বছর পর দ্বিতীয়বার আফকন শিরোপা জয়ের স্বপ্ন আরও কাছে টেনে আনল অ্যাটলাস লায়ন্সরা।

আরেক সেমিফাইনালে সেনেগাল হারায় সাতবারের চ্যাম্পিয়ন মিশরকে। সাবেক লিভারপুল তারকা সাদিও মানের দুর্দান্ত গোলে জয় নিশ্চিত করে লায়ন্স অব তেরাঙ্গা। এই হারে ভেঙে যায় মিশর অধিনায়ক মোহাম্মদ সালাহর প্রথম আফকন শিরোপা জয়ের স্বপ্ন।

সেনেগালও দ্বিতীয়বার আফকন জয়ের পথে রয়েছে। ২০২১ সালে প্রথমবার শিরোপা জিতেছিল দলটি।

এবারের আফকনে একটি উল্লেখযোগ্য দিক হলো সেমিফাইনালের চার দলের চারজন কোচই আফ্রিকান। মরক্কো, সেনেগাল, নাইজেরিয়া ও মিসর—সব দলই স্থানীয় কোচের নেতৃত্বে খেলেছে। বিষয়টি আফ্রিকান ফুটবলে ঘরোয়া কোচদের ওপর আস্থার বাড়তি প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।

আফকনের ইতিহাসে শুরুতে বিদেশি কোচদের প্রভাব থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে দৃশ্যপট বদলেছে। এবারের সংস্করণে অংশ নেওয়া ২৪ দলের মধ্যে ১৪ দলের কোচ ছিলেন আফ্রিকান। বাকি ১০ জন বিদেশি কোচের মধ্যে ৯ জন ইউরোপীয় এবং একজন দক্ষিণ আমেরিকান।

আরও তাৎপর্যপূর্ণ বিষয় হলো—শেষ চারটি আফকন শিরোপাই জিতেছে নিজ দেশের কোচের অধীনে দলগুলো। ২০২৩ সালে আইভরি কোস্টকে চ্যাম্পিয়ন করেন এমারসে ফায়ে, ২০২১ সালে সেনেগালকে শিরোপা এনে দেন আলিউ সিসে, আর ২০১৯ সালে আলজেরিয়াকে চ্যাম্পিয়ন করেন জেমাল বেলমাদি।

আফকনের ইতিহাসে এখন পর্যন্ত ৩৪ আসরের মধ্যে আফ্রিকান কোচরা ১৮ বার শিরোপা জিতেছেন, বিদেশি কোচরা জিতেছেন ১৬ বার। ২০২৫ আসর শেষে সেই সংখ্যা বেড়ে ১৯-এ পৌঁছাবে—এটা নিশ্চিত।

এখন কেবল অপেক্ষা—মরক্কোর ওয়ালিদ রেগরাগুই নাকি সেনেগালের পাপে থিয়াও, কে হবেন আফ্রিকার নতুন রাজা।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর