‘নির্বাচনে জিতলে প্রথমে মেসিকে ফোন করব’
মাঠে দারুণ ফুটবল খেলে সবাইকে মুগ্ধ করছে বার্সেলোনা। কিন্তু মাঠের বাইরের ঘটনায় কাতালানদের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। আগামী ১৫ মার্চ স্প্যানিশ ক্লাবটির সভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে শক্তিশালী প্রার্থী ভিক্টর ফন্ট ঘোষণা করেছেন, তিনি জিতলে প্রথম কাজ করবেন লিওনেল মেসির সঙ্গে যোগাযোগ করা। খবর ট্রিবিউনার।
কাতালান ব্যবসায়ী ফন্ট বলেছেন, মেসিকে বার্সেলোনায় ফেরানো তার জন্য সবচেয়ে বড় অগ্রাধিকার। তিনি বলেন, ‘যদি আমি জিতি, তাহলে প্রথম ফোন করব লিও মেসিকে। তার সঙ্গে সরাসরি বা অন্যভাবে যোগাযোগের রাস্তা আমার জানা আছে। ক্লাবের সবচেয়ে বড় কিংবদন্তিদের সঙ্গে সম্পর্ক আবার মজবুত করাই আমার মূল লক্ষ্য।’
বার্সেলোনার ইতিহাসে সর্বকালের সেরা খেলোয়াড় মেসি। ক্লাবের হয়ে তিনি ৬৭২ গোল করেছেন, জিতেছেন ৩৫টি ট্রফি। তবে ক্লাবের আর্থিক সমস্যার কারণে ২০২১ সালে পিএসজিতে চলে যান আর্জেন্টাইন খুদে জাদুকর। ফন্ট বলেন, ‘মেসিই আমাদের ইতিহাস। আমরা জিতলে তাকে আমাদের পরিকল্পনা জানাব এবং ক্লাবে তার যে সম্মান পাওয়ার কথা, সেটা নিশ্চিত করব।’
বর্তমান সভাপতি জোয়ান লাপোর্তার কঠোর সমালোচনা করে তিনি আরও বলেন, মেসির মতো খেলোয়াড়, ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক হারানো ক্লাবের জন্য বড় ক্ষতি বলে মনে করেন ফন্ট। তিনি চান দ্রুত খেলাধুলা, বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক- এই তিন দিক থেকে মেসির সঙ্গে সম্পর্ক ঠিক করতে। তবে ফন্ট স্বীকার করেছেন, মেসির ফেরা সহজ হবে না।
মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে। গত বছর তিনি ক্লাবটির সাথে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি বাড়িয়েছেন। অনেকে মনে করেন, ক্যারিয়ারের শেষটা হয়ত আমেরিকাতেই কাটাবেন রেকর্ড আটবারের ব্যালন ডি'অর জয়ী মহাতারকা। তবে মেসি একবার বলেছেন, অবসরের পর পরিবার নিয়ে বার্সেলোনায় ফিরে থাকতে চান।
তবে, ফন্টের এই মেসি-ফেরানোর প্রতিশ্রুতি নির্বাচনের প্রচারে নতুন আলোচনা শুরু করেছে। নির্বাচনের ফলাফলই বলে দেবে, মেসিকে নিয়ে বার্সেলোনার ভবিষ্যৎ কোন দিকে যাবে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: