[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

১৩ ম্যাচ পর আর্সেনালকে হার উপহার দিলো ইউনাইটেড

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬ ০৮:০১ এএম

আর্সেনালের প্রিমিয়ার লিগ শিরোপা অভিযানে বড় ধাক্কা দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার (২৫ জানুয়ারি) রাতে এমিরেটস স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ম্যাচে মাতেউস কুনহার দুর্দান্ত গোলে লিগ টেবিলের শীর্ষ দলটির বিপক্ষে ৩–২ ব্যবধানে জয় তুলে নেয় ইউনাইটেড।

ম্যাচের শুরুতে লিসান্দ্রো মার্টিনেজের আত্মঘাতী গোলে এগিয়ে যায় আর্সেনাল। তবে বিরতির আগে ব্রায়ান এমবেউমো সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে প্যাট্রিক ডরগুর চোখধাঁধানো দূরপাল্লার শটে এগিয়ে যায় ইউনাইটেড। ম্যাচের শেষ দিকে মিকেল মেরিনোর গোলে আর্সেনাল সমতায় ফিরলেও ফুলটাইমের তিন মিনিট আগে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কুনহার দুর্দান্ত শটে জয় নিশ্চিত করে অতিথিরা।

ডিসেম্বরে অ্যাস্টন ভিলার কাছে হারের পর সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ছিল আর্সেনালের প্রথম পরাজয়, টানা ১৩ ম্যাচ অপরাজিত থাকার পর। এছাড়া মে মাসে বোর্নমাউথের কাছে হারার পর ১৮ ম্যাচে এই প্রথম ঘরের মাঠে হারল গানাররা।

এই হারের ফলে লিগে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি ও তৃতীয় স্থানে থাকা অ্যাস্টন ভিলার ব্যবধান কমে দাঁড়িয়েছে মাত্র চার পয়েন্টে। চলতি সপ্তাহান্তে উলভস ও নিউক্যাসলকে হারিয়ে ব্যবধান ঘুচিয়েছে সিটি ও ভিলা। অন্যদিকে, লিভারপুল ও নটিংহাম ফরেস্টের বিপক্ষে গোলশূন্য ড্র এবং এই হার মিকেল আর্তেতার জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

২০২০ সালের এফএ কাপের পর আর কোনো ট্রফি জিততে না পারা আর্সেনাল ২২ বছর ধরে লিগ শিরোপাবিহীন। আগের মৌসুমগুলোতে শীর্ষে থেকেও সেটি ধরে রাখতে পারেনি ক্লাবটি।

অন্যদিকে, ২০১৭ সালের ডিসেম্বরের পর এমিরেটস স্টেডিয়ামে এটি ছিল ইউনাইটেডের প্রথম জয়। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে মাইকেল ক্যারিকের চমকপ্রদ শুরুটা আরও শক্ত হলো এই জয়ে। বরখাস্ত হওয়া রুবেন আমোরিমের জায়গায় সাময়িক দায়িত্ব নিয়ে ক্যারিক গত সপ্তাহেই ম্যানচেস্টার সিটিকে ২–০ গোলে হারিয়ে চমক দেখান। শীর্ষ দুই দলের বিপক্ষে টানা জয়ে আমোরিমের অস্থির সময় পার করে ইউনাইটেডকে লিগের চতুর্থ স্থানে তুলেছেন তিনি।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর