[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ঘাম ঝরানো জয়ে সেমিফাইনালে বার্সেলোনা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২ এএম

কোপা দেল রে’র শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদকে বিদায় করে বড় অঘটনের জন্ম দিয়েছিল আলবাসেত। স্প্যানিশ এই দ্বিতীয় স্তরের দলের সঙ্গে এবার কঠিন লড়াই করতে হয়েছে বার্সেলোনাকে। কাতালানদের পক্ষে লামিনে ইয়ামাল ও রোনাল্দ আরাউহোর গোল করার পর শেষদিকে ব্যবধান কমায় আলবাসেত। শেষমেষ ২-১ গোলের জয়ে হ্যান্সি ফ্লিকের দল কোপা দেল রের সেমিফাইনালে উঠেছে।

গতকাল (মঙ্গলবার) রাতে প্রতিপক্ষের মাঠে নেমেছিল বার্সা। ৭২ শতাংশ পজেশনের পাশাপাশি ১৬ শট (লক্ষ্যে ৬টি) নেওয়া কাতালানদের দাপট স্পষ্ট, তবুও জয় নিয়ে মাঠ ছাড়তে তাদের বেশ ঘাম ঝরাতে হয়েছে। স্নায়ুচাপের কঠিন সময় পেরোতে পরীক্ষা দিতে হয়েছে শেষ পর্যন্ত। বিপরীতে আলবাসেত ৭ শটের মধ্যে লক্ষ্যে রাখতে পারে তিনটি।

ম্যাচের মাত্র সপ্তম মিনিটে প্রথম সুযোগ পায় সফরকারীরা, তবে মার্কাস রাশফোর্ডের শট লক্ষ্যে ছিল না। একইভাবে ইংলিশ ফরোয়ার্ড কয়েকটি সুযোগ তৈরি করলেও, কার্যকর ছিল না সেসব। বিপরীতে আলবাসেতও বার্সা গোলরক্ষককে তেমন চ্যালেঞ্জ জানাতে পারেনি। ম্যাচের ডেডলক ভেঙে ৩৯ মিনিটে কাতালানদের লিড এনে দেন ইয়ামাল। টানা চার ম্যাচে গোল করলেন এই ১৮ বছর বয়সী তারকা। রাশফোর্ড ও ফ্রেংকি ডি ইয়ং হয়ে এই স্প্যানিশ ফরোয়ার্ড ভলিতে গোলটি করেন। যোগ করা সময়ে দানি ওলমোর একটি হেড বাইরে দিয়ে যায়।

বিরতির পর এই স্প্যানিশ তারকাই প্রথম সুযোগ পান, তবে রক্ষণ দেয়াল ভাঙতে পারেননি তিনি। একইভাবে আলবাসেতের একটি শটও পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ৫৬ মিনিটে বার্সার ব্যবধান দ্বিগুণ করেন আরাউহো, উরুগুইয়ান ডিফেন্ডার চলতি মৌসুমে ক্লাবের হয়ে তৃতীয় গোলটি করে কর্নার থেকে পাওয়া বলে হেড দিয়ে। অল্প সময়ের মাঝে কয়েকটি আক্রমণ-পাল্টা আক্রমণ চালায় দুই দলই। তবে কেউই জালের দেখা পাচ্ছিল না। একাধিক সুযোগ হাতছাড়া করে হতাশা উপহার দেন রবার্ট লেভান্ডফস্কি।

ব্যবধান কমিয়ে ৮৩ মিনিটে বার্সার জালে বল পাঠায় আলবাসেত। তবে অফসাইডে কাটা পড়ে সেটি। মিনিট চারেক বাদেই ২-১ স্কোরলাইনে ফেরে স্বাগতিকরা, হাভিয়ের মোরেনো গোলটি করেন হেড দিয়ে। ৯০ মিনিটে কাতালাদের হয়ে ফেররান তোরেসের করা গোলও বাতিল হয় অফসাইডের কারণে। যোগ করা সময়ে বার্সা গোলরক্ষক হুয়ান গার্সিয়ার কঠিন পরীক্ষা নেয় আলবাসেত, গোললাইন থেকে তিনি প্রতিপক্ষের প্রচেষ্টা ব্যর্থ করেছেন। তবে স্নায়ু ধরে রেখেই নিশ্চিত হয়েছে জয়।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর