শিরোপা নির্ধারণী ম্যাচেও ভারতকে হারানোর লক্ষ্য বাটলারের
টানা তিন জয়ের তৃপ্তি নিয়ে রাউন্ড রবিন লিগ শেষ করেছে বাংলাদেশ। লিগে নিজেদের শেষ ম্যাচে আজ নেপালকে উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে। ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারত। যদিও লিগ পর্বে ভারতকে একবার হারিয়েছে বাংলাদেশ। কিন্তু আরও একবার তাদেরকে হারানোর ছক কষছেন কোচ পিটার জেমস বাটলার।
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে লিগ পর্বের সবগুলো ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে ফাইনাল খেলবে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ ভারতের পয়েন্ট ৬, তারা আছে দ্বিতীয় স্থানে। আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে এই দুই দল।
বুধবার (৪ ফেব্রুয়ারি) নেপালের বিপক্ষে বেঞ্চের শক্তি পরখ করতে একাদশে সাতটি পরিবর্তন আনেন বাটলার। ম্যাচের তৃতীয় মিনিটে দলকে এগিয়ে নেন প্রতিমা মুন্দা। এরপর খেলার ধার বাড়াতে আলপি আক্তার, শান্তি মার্দি ও সুরভি আকন্দ প্রীতিকে মাঠে নামান কোচ। পরে আরও দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন আলপি আক্তার। সব মিলিয়ে রাউন্ড রবিন লিগে দলের পারফরম্যান্সে দারুণ খুশি বাটলার।
‘নেপালের বিপক্ষে যখনই খেলি, আমাদের লড়াই করতে হয়। কেননা, তারা যোদ্ধা এবং সমান প্রচেষ্টা ও কমিটমেন্ট নিয়ে তাদের বিপক্ষে আমাদের লড়তে হয়। আমার মনে হয়, মেয়েরা সেটা খুবই ভালোভাবে করতে পেরেছে, বিশেষ করে শুরুর ১৫-২০ মিনিট। এরপর আমাদের গতি কিছুটা কমেছিল।’
একাদশের পরিবর্তন নিয়ে বাটলার বলেন, ‘সাতটি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলাম কয়েকজনকে বিশ্রাম দেওয়ার জন্য। কেননা, আমার মনে হয়, আপনি ততটাই শক্তিশালী দল, যতটা আপনার বেঞ্চ শক্তিশালী। মৌমিতা ছিল অসাধারণ, সুরভি রানী আসলেই ভালো করেছে। আজকের ম্যাচ থেকে অনেক ইতিবাচক দিক এবং শিক্ষণীয় বিষয় আছে আমাদের।’
শনিবার শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। রাউন্ড রবিন লিগে তাদের ২-০ গোলে হারিয়েছিল বাটলারের শিষ্যরা। ফাইনালেও সেই জয়ের পুনরাবৃত্তি দেখতে চান বাটলার।
‘আমরা তাদের একবার হারিয়েছি, এখন আবারও হারাতে হবে। আমরা সবসময় যেভাবে খেলি, সেভাবেই খেলব। যদি তারা ফাইনালের আগে এই মাঠ আমাদেরকে বা দুই দলকে ব্যবহার করতে দেয়, তাহলে এখানে অনুশীলন করবো। আশা করি, তারা সেটা দিবে।’
বাটলার আরও বলেন, ‘কিন্তু আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, এখানে আমরা যা পাচ্ছি তার সবকিছুই বোনাস। মেয়েরা ভালো করেছে। আমি সত্যিই মেয়েদের নিবেদন ও মনোযোগ নিয়ে সন্তুষ্ট এবং আশা করি, আমরা কাজটি শেষ করতে পারবো। ভারতের বিপক্ষে খেলা কঠিন হবে, কারণ তাদের কিছু ভালো খেলোয়াড় আছে। তারা শক্তিশালী, লম্বা, শারীরিকভাবে শক্তিশালী এবং এটি কঠিন ম্যাচ হবে।’
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: