[email protected] সোমবার, ২০শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

পয়েন্ট হারাল চেলসি ও ইউনাইটেড

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০২ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগের মিড উইকে ভিন্ন ম্যাচে মাঠে নেমেছিল চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। তবে দুই দলই পয়েন্ট হারিয়েছে এদিন। চেলসি ড্র করেছে লিডসের বিপক্ষে, অপরদিকে শেষ সময়ে গোল করে ওয়েস্ট হ্যামের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে ইউনাইটেড।

স্ট্যামফোর্ড ব্রিজে প্রথম হাফে গোল করে চেলসিকে এগিয়ে দেন জোয়াও পেদ্রো। পালমারের পাস থেকে দুর্দান্ত গোল করেন এই ব্রাজিলিয়ান। দ্বিতীয় হাফের শুরুতে পেনাল্টি থেকে গোল করেন পালমার।

তবে ছয় মিনিটে দুই গোল করে সমতায় ফেরে সফরকারীরা। ৬৭তম মিনিটে মেচা এবং ৭৩তম মিনিটে ওকাফোর গোল করলে সমতায় ফেরে তারা। শেষ দিকে একটি সহজ সুযোগ মিস করে চেলসি। ফলে লিডসের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করে তারা। ২৬ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে চেলসি।

এদিকে রাতের আরেক ম্যাচে ওয়েস্ট হ্যামের মাঠে গিয়েছিলো ক্যারিকের ম্যান ইউ। টানা ৪ জয় নিয়ে বেশ আত্মবিশ্বাস ছিল তারা। তবে ড্র করে রেড ডেভিলরাও। ৫০তম মিনিটে টমাস সৌচেক স্বাগতিকদের এগিয়ে দেন।

এক সময় মনে হচ্ছিল ম্যাচটি হেরেই যাবে ইউনাইটেড। তবে বদলি হিসেবে নামা বেঞ্জামিন শেস্কো নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গোল করে ইউনাইটেডের মান বাঁচান।

২৬ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১৮তম স্থানে ওয়েস্ট হ্যাম।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর