[email protected] সোমবার, ২০শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

আর্সেনালের সঙ্গে সাকার দীর্ঘমেয়াদী চুক্তি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০২ এএম

আর্সেনালের সঙ্গে চুক্তির মেয়াদ দীর্ঘ করলেন ইংলিশ তারকা বুকায়ো সাকা। আর্সেনালের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে চুক্তির মেয়াদ অবশ্য জানানো হয়নি। তবে গণমাধ্যমের খবর, ২০৩০ সালের জুন পর্যন্ত এই দলে খেলবেন সাকা।

ক্যারিয়ারের শুরু থেকে আর্সেনালের হয়ে খেলছেন সাকা। শুরু থেকেই দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি। ২০১৯ থেকে সাকার চেয়ে বেশি মিনিট আর কেউ খেলেননি আর্সেনালের হয়ে। আর সবকিছুই সম্ভব হয়েছে আর্তেতা দায়িত্ব নেয়ার পর।

মাত্র আট বছর বয়সে আর্সেনালের একাডেমিতে যোগ দিয়েছিলেন সাকা। এরপর, সময়ের সঙ্গে তিনি নিজেকে গড়ে তোলেন, ২০১৮ সালে প্রথমবার জায়গা করে নেন ক্লাবটির মূল দলে।

পরের বছর আর্তেতা দায়িত্ব নেওয়ার পর, দ্রুতই কোচের আস্থা অর্জন করেন তিনি। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে আর্সেনালের জার্সিতে ২৯৭ ম্যাচ খেলে ৭৮টি গোল করেছেন এই উইঙ্গার।

নতুন চুক্তি করতে পেরে খুব খুশি সাকা। ক্লাব মিডিয়াকে দেয়া সাক্ষাৎকারে ট্রফি জয়ের আশাবাদ ব্যক্ত করলেন ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৪৮ ম্যাচ খেলা এই তারকা।

সাকা বলেন, 'আমার দারুণ লাগছে। আমার মতে, এটা আমার ও আমার পরিবারের জন্য অসাধারণ একটা মুহূর্ত। এই ক্লাবে যাত্রা অব্যাহত রাখতে পেরে খুব আনন্দ হচ্ছে।'

তবে চলতি মৌসুমে সব শিরোপা জয়ের পথে আছে আর্সেনাল। চ্যাম্পিয়ন্স লিগে আট ম্যাচের সবগুলো জিতে নকআউট পর্বে উঠেছে তারা, আর প্রিমিয়ার লিগে ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। এছাড়া লিগ কাপের ফাইনালে উঠেছে দলটি এবং এফএ কাপের পঞ্চম রাউন্ডে জায়গা করে নিয়েছে লন্ডনের ক্লাবটি।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর