বিশ্বকাপ জিতুক বা না জিতুক রোনালদোই সর্বকালের সেরা: পর্তুগাল কোচ
বিশ্বকাপ জিতুক বা না জিতুক ক্রিশ্চিয়ানো রোনালদোই সর্বকালের সেরা ফুটবলার। এমনটাই মনে করেন পর্তুগাল জাতীয় দলের কোচ রবার্তো মার্টিনেজ। পর্তুগাল ফুটবল সামিট পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেন তিনি। আসন্ন বিশ্বকাপে দলের মহাতারকাকে চাপমুক্ত রাখাই তার পরিকল্পনা।
সর্বকালের সেরা ফুটবলার কে এ প্রশ্নে বিতর্ক চিরন্তন। ব্যালন ডি’অর কিংবা বিশ্বকাপ জয়ের গুরুত্ব কতখানি, তা নিয়েও মতভেদ রয়েছে। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত বিশ্বকাপকে সামনে রেখে সেই আলোচনাই আবার সামনে এনেছেন মার্টিনেজ।
সাক্ষাৎকারে স্প্যানিশ এই কোচ আসন্ন বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান। সিআরসেভেনকে নিয়ে তিনি আত্মবিশ্বাসী এবং চান, দলের মেগাস্টার যেন কোনো বাড়তি চাপ ছাড়াই খেলতে পারেন।
মার্টিনেজ বলেন, রোনালদো বিশ্বকাপ জিতুক বা না জিতুক, সে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ফুটবলার হিসেবেই থাকবে। এই টুর্নামেন্টে তাকে চাপমুক্ত রাখতে আমাদের সব ধরনের সহায়তা করা উচিত যে মানসিকতা নিয়ে আমরা নেশনস লিগ জিতেছিলাম, ঠিক সেই মানসিকতা নিয়েই।
তিন বছরের বেশি সময় ধরে পর্তুগালের দায়িত্বে আছেন মার্টিনেজ। রোনালদোর চ্যাম্পিয়ন মানসিকতাকে তিনি তরুণ ফুটবলারদের জন্য অনুপ্রেরণা হিসেবে দেখেন।
তিনি আরও বলেন, রোনালদোর মতো উদ্যমী ফুটবলারের সঙ্গে আমি আর কখনও কাজ করিনি। তার প্রতিটি সকাল শুরু হয় নিজেকে আরও উন্নত করার লক্ষ্য নিয়ে। যদি আমরা তাকে আজীবনের জন্য পেতাম, তাহলে তরুণ ফুটবলারদের জন্য তা দারুণ উপকারী হতো।
১৭ জুন বিশ্বকাপে পর্তুগালের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। ৪১ বছর বয়সী রোনালদোর জন্য এটিই হতে যাচ্ছে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ আসর।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: