[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

রোনালদোর গোলে শীর্ষে ফিরল আল নাসর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০২ এএম

ক্রিশ্চিয়ানো রোনালদোর টানা তৃতীয় ম্যাচে গোলের সুবাদে সৌদি প্রো লিগের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে আল নাসর। বুধবার তলানির দল আল নাজমাকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে উঠে এসেছে তারা।

ম্যাচের সপ্তম মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর প্রথমার্ধে আরও দুটি গোল যোগ করেন কিংসলে কোম্যান ও ইনিয়িগো মার্তিনেজ। বিরতিতে ৩-০ ব্যবধানে এগিয়ে ছিল স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সাদিও মানে গোল করলে ব্যবধান দাঁড়ায় ৪-০। এরপর কোচ জর্জ হেসুস ধীরে ধীরে তারকা খেলোয়াড়দের তুলে নেন, যার মধ্যে ছিলেন রোনালদোও। চলতি মৌসুমে লিগে এখন পর্যন্ত ২০ গোল করেছেন পর্তুগিজ সুপারস্টার, যা সৌদি গোল্ডেন বুটের দৌড়ে ইভান তোনি-এর চেয়ে তিন গোল কম।

এই জয়ের মাধ্যমে মৌসুমে ১৯তম জয় তুলে নেয় আল নাসর। ২৩ ম্যাচে তাদের সংগ্রহ এখন ৫৮ পয়েন্ট। এখন পর্যন্ত লিগে মাত্র একটি ম্যাচ হেরেছে দলটি এবং দুই পয়েন্ট ব্যবধানে দ্বিতীয় স্থানে থাকা আল আহলিকে ছাড়িয়ে শীর্ষে উঠে গেছে।

মাসের শুরুতে আল ইত্তিহাদ ও আল রিয়াদের বিপক্ষে ম্যাচে খেলেননি রোনালদো। সাম্প্রতিক ট্রান্সফার উইন্ডোতে ক্লাবের আর্থিক বিনিয়োগ নিয়ে অসন্তুষ্ট ছিলেন তিনি। জানা গেছে, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) দলের পেছনে যথেষ্ট বিনিয়োগ না করায় ক্ষুব্ধ ছিলেন রোনালদো। একই সময়ে প্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলাল- যেটির ৭৫ শতাংশ মালিকানাও পিআইএফের হাতে- সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ করিম বেনজেমাকে দলে ভেড়ায়।

সব মিলিয়ে মাঠের পারফরম্যান্স ও ক্লাব ঘিরে নানা আলোচনার মধ্যেও গোল করে দলকে শীর্ষে তুললেন রোনালদো, যা শিরোপা দৌড়ে আল নাসরের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর