প্রীতি ম্যাচে ব্রাজিলের ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা
আসন্ন বিশ্বকাপে খেলার আশা ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে ব্রাজিল তারকা ফরোয়ার্ড নেইমারের। সান্তোসের এই ফুটবলারকে আবারও আসন্ন প্রীতি ম্যাচগুলোর জন্য ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির ঘোষিত দলে রাখা হয়নি। প্রতিবেদন ইএসপিএন-এর।
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া দুটি প্রীতি ম্যাচে ২৬ মার্চ বোস্টনে ফ্রান্সের বিপক্ষে এবং ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। আগামী ১৮ মে আনচেলত্তি বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করার আগে এই দুটি ম্যাচই হবে শেষ প্রস্তুতি।
সোমবার (১৭ মার্চ) দল ঘোষণার পর সাও পাওলোতে এক অনুষ্ঠানে গণমাধ্যমকে নেইমার জানান, দলে সুযোগ না পেয়ে তিনি হতাশ ও দুঃখিত।
তিনি বলেন, ‘আমি হতাশ এবং কষ্ট পেয়েছি। তবে আমার লক্ষ্য একই আছে, দিনের পর দিন অনুশীলন, ম্যাচের পর ম্যাচ। আমরা আমাদের লক্ষ্য অর্জন করব, এখনও চূড়ান্ত দল ঘোষণার সুযোগ রয়েছে।’
ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার। জাতীয় দলের হয়ে ৭৯টি গোল করেছেন তিনি। তবে ২০২৩ সালের অক্টোবরে বাম হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ও মেনিস্কাস ছিঁড়ে যাওয়ার পর থেকে তিনি আর জাতীয় দলের হয়ে খেলেননি।
সম্প্রতি করিন্থিয়ানসের বিপক্ষে ১–১ গোলে ড্র হওয়া ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেন নেইমার। ওই ম্যাচে আনচেলত্তির দুই সহকারী উপস্থিত ছিলেন। তবে সপ্তাহের মাঝামাঝি আগের ম্যাচে না খেলায় এবং সাম্প্রতিক পারফরম্যান্সে খুব একটা উজ্জ্বল না হওয়ায় তাকে দলে রাখা হয়নি।
এ বিষয়ে আনচেলত্তি বলেন, ‘নেইমার এখনও শতভাগ ফিট নয়, তাই তাকে দলে রাখা হয়নি। যদি সে পুরোপুরি ফিট হয়ে ওঠে, তাহলে সে অবশ্যই দলে থাকতে পারে। বিশ্বকাপে খেলার সম্ভাবনাও তার রয়েছে। এজন্য তাকে নিয়মিত অনুশীলন ও ম্যাচ খেলে নিজের সামর্থ্য প্রমাণ করতে হবে।’
এদিকে শীতকালীন দলবদলে রিয়াল মাদ্রিদ থেকে লিয়নে যোগ দেয়ার পর ১২ ম্যাচে ছয় গোল করা তরুণ ফরোয়ার্ড এন্দরিককে প্রথমবারের মতো দলে ডেকেছেন আনচেলত্তি। এছাড়া ব্রেন্টফোর্ডের ফরোয়ার্ড ইগর থিয়াগো প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন এবং ২৬ সদস্যের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন।
আক্রমণভাগে বার্সেলোনার রাফিনিয়া ও রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র নেতৃত্ব দেবেন। তাদের সঙ্গে চেলসির জোয়াও পেদ্রো এবং ম্যাথিউস কুনিয়াও দলে রয়েছেন। তবে জানুয়ারিতে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড থেকে ফ্লামেঙ্গোতে যোগ দেওয়া মিডফিল্ডার লুকাস পাকেতাকে দলে রাখা হয়নি। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো স্কোয়াডে জায়গা পেয়েছেন।
এদিন তিনি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল দলের কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার সম্ভাবনার কথাও জানান। তার মতে, ব্রাজিল ফুটবল ফেডারেশন তাকে নতুন চুক্তি দিতে আগ্রহী।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। গ্রুপ ‘সি’-তে তাদের অন্য প্রতিপক্ষ স্কটল্যান্ড ও হাইতি।
ব্রাজিলের স্কোয়াড:
গোলরক্ষক: আলিসন, বেনতো, এদারসন।
রক্ষণভাগ: আলেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ইবানেজ, লেও পেরেইরা, মারকিনিয়োস, ওয়েসলি।
মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, কাসেমিরো, দানিলো, ফাবিনিয়ো, গ্যাব্রিয়েল সারা।
ফরোয়ার্ড: এন্ডরিক, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ইগর থিয়াগো, লুইজ হেনরিক, ম্যাথিউস কুনিয়া, রাফিনিয়া, রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র, জোয়াও পেদ্রো।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: