‘দ্য কিং ইজ ব্যাক!’: হাজার গোলের আরও কাছে রোনালদো
‘দ্য কিং ইজ ব্যাক!’ সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল রাত থেকেই এই কথাটি ভাসছে, সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোর ছবি। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এক মাসের বেশি সময় মাঠের বাইরে থাকার পর আবারও মাঠে ফিরেছেন পর্তুগিজ কিংবদন্তি। আর ফেরাটাও হয়েছে একেবারে রাজকীয়ভাবে। আল নাজমার বিপক্ষে ৫-২ গোলের জয়ে জোড়া গোল করে আলো ছড়ালেন তিনি।
আল আওয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই ছিল গোলের উত্তেজনা। প্রথমে এগিয়ে যায় আল নাজমা, রাকান আল তুলাহির গোলে। তবে সেই লিড এক মিনিটের বেশি স্থায়ী হয়নি। দ্রুতই ম্যাচে ফেরে আল নাসর। বিরতির আগে আবদুল্লাহ আল হামদান ও সাদিও মানের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও ম্যাচে সমতা আনে আল নাজমা। ৪৮ মিনিটে ফিলিপে কার্দোসোর গোলে ২-২ সমতায় ফেরে তারা। তবে এরপর ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেন রোনালদো।
৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে আবারও এগিয়ে দেন পর্তুগিজ সুপারস্টার। এরপর ৭৩ মিনিটে বক্সের ভেতর থেকে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। এই জোড়া গোলেই সৌদি প্রো লিগে নিজের শততম ম্যাচকে স্মরণীয় করে রাখেন রোনালদো। একই সঙ্গে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার গোলসংখ্যা দাঁড়ায় ৯৬৭-এ। হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে তার প্রয়োজন আরও ৩৩টি গোল।
রোনালদোর মতোই ম্যাচে জোড়া গোল করেন আল নাসরের সেনেগালিজ তারকা সাদিও মানে। শেষদিকে তার দ্বিতীয় গোলেই বড় ব্যবধানের জয় নিশ্চিত করে আল নাসর।
ইনজুরি থেকে ফিরে এমন পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন রোনালদো। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ফিরতে পেরে ভালো লাগছে। আমরা একসঙ্গে সামনে এগিয়ে যাব।
২০২২ সালে সৌদি আরবের ফুটবলে যোগ দেয়ার পর আল নাসরের হয়ে প্রথম বড় শিরোপার লক্ষ্য নিয়ে এগোচ্ছে দলটি। এই জয় তাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। প্রো লিগে ২৭ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল নাসর। দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের সঙ্গে ব্যবধান ৬ পয়েন্ট।
গত ২৮ ফেব্রুয়ারি লিগ ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন রোনালদো। খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয় তাকে। কোচ জর্জ জেসুস তখন জানিয়েছিলেন, ইনজুরিটি তাদের ধারণার চেয়েও বেশি গুরুতর ছিল। এরপর তিনি আল নাসরের তিনটি ম্যাচ মিস করেন এবং স্পেনে গিয়ে চিকিৎসা করান। এমনকি যুক্তরাষ্ট্রে মেক্সিকোর বিপক্ষে পর্তুগালের প্রীতি ম্যাচেও খেলতে পারেননি তিনি।
এবারের মৌসুমে সৌদি প্রো লিগে ২৩ ম্যাচে ২৩ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন ৪১ বছর বয়সী রোনালদো। শীর্ষে আছেন আল আহলির ইভান টনি, যিনি ২৫ ম্যাচে ২৫ গোল করেছেন। সৌদি প্রো লিগে এখন পর্যন্ত ১০০ ম্যাচে রোনালদোর গোল ৯৭টি এবং অ্যাসিস্ট ১৮টি।
সব মিলিয়ে ইনজুরি কাটিয়ে ফিরে আবারও নিজের ক্লাস দেখালেন সিআরসেভেন, আর তার জোড়া গোলেই উৎসবের রাতে বড় জয় পেল আল নাসর।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: