[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

সাফ কোটা ইস্যুতে নমনীয় ফুটবলাররা, বিদেশি খেলোয়াড় কমানোর নতুন প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬ ১৮:০৪ পিএম

বাংলাদেশ ফুটবল লিগে ‘সাফ কোটা’ সম্পূর্ণ বাতিলের বিষয়ে দেশীয় ফুটবলাররা আগের কঠোর অবস্থান থেকে অনেকটাই সরে এসেছেন। সপ্তাহখানেক আগে বাফুফে সভাপতির কাছে দেওয়া চিঠিতে সার্ক বা সাফ অঞ্চলের কোটা (যেখানে ৫ জন ভিনদেশি ফুটবলার দেশি হিসেবে খেলতে পারেন) পুরোপুরি বাতিলের দাবি জানানো হয়েছিল।

তবে রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দুই কর্মকর্তার সঙ্গে বৈঠকে সেই অবস্থান থেকে সরে এসে সাফ কোটা ৫ জন থেকে কমিয়ে ২ জন করার প্রস্তাব দিয়েছেন শীর্ষ খেলোয়াড়রা।
শুধু সাফ কোটাই নয়, বর্তমানে সাফ অঞ্চলের বাইরে যে ৩ জন বিদেশি খেলোয়াড় খেলানোর সুযোগ রয়েছে, সেটিও কমিয়ে ২ জন করার দাবি জানিয়েছেন তারা।

ছাড়া গত সপ্তাহে দেওয়া চিঠিতে আরও চারটি বাড়তি দাবি থাকলেও, রোববারের বৈঠকে সেগুলো নিয়ে কোনো আলোচনা করেননি খেলোয়াড়রা।
বৈঠকে খেলোয়াড়দের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম।

বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি বলেন, ‘সাফ অঞ্চলের দেশগুলোর সঙ্গে একটি চুক্তির কারণে এই অঞ্চলের ফুটবলাররা স্থানীয় হিসেবে খেলার সুযোগ পান। আমরা চাই সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে আমাদের এই চমৎকার সম্পর্ক অব্যাহত থাকুক।
তাই ফেডারেশনের কাছে আমরা সাফ ও বিদেশি কোটা ২ জনে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছি। আশা করছি ফেডারেশন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং খেলোয়াড়, ক্লাব ও বাফুফের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে।’
বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু খেলোয়াড়দের নতুন প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দাবিগুলো বাফুফে সভাপতিকে অবহিত করা হবে এবং পরবর্তীতে নির্বাহী কমিটির সভায় আলোচনার মাধ্যমে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, দাবি আদায়ের প্রক্রিয়ায় ‘ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি’র কার্যকারিতা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। গত সপ্তাহে বাফুফেকে দেওয়া চিঠিটি সমিতির আনুষ্ঠানিক প্যাডে দেওয়া হলেও, রোববারের প্রস্তাবটি জমা পড়েছে একটি সাধারণ সাদা কাগজে। ২০ জন ফুটবলারের স্বাক্ষরিত এই আবেদন থেকে ধারণা করা হচ্ছে, খেলোয়াড়দের অধিকার আদায়ে সংগঠনটির ভিত্তি কিছুটা দুর্বল।

তবে সমিতির সাংগঠনিক দুর্বলতা নিয়ে এদিন কোনো মন্তব্য করতে চাননি সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর