[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

২০২৬ বিশ্বকাপে হলুদ কার্ড নিষেধাজ্ঞার নিয়মে বড় পরিবর্তনের পথে ফিফা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬ ০৯:০৪ এএম

২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে হলুদ কার্ডজনিত নিষেধাজ্ঞার নিয়মে বড় পরিবর্তন আনার পরিকল্পনা করছে ফিফা। বিবিসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এমন একটি ‘অ্যামনেস্টি’ ব্যবস্থা চালু করতে যাচ্ছে, যেখানে টুর্নামেন্টের নির্দিষ্ট দুই ধাপে খেলোয়াড়দের আগের হলুদ কার্ড বাতিল করে দেয়া হবে। বিবিসি

নতুন প্রস্তাব অনুযায়ী, গ্রুপ পর্ব শেষ হওয়ার পর সব খেলোয়াড়ের জমে থাকা হলুদ কার্ড শূন্য করে দেয়া হবে। একইভাবে কোয়ার্টার ফাইনাল শেষ হওয়ার পরও আরেক দফা কার্ড বাতিল করা হবে। এর ফলে পুরো টুর্নামেন্ট জুড়ে খেলোয়াড়দের নিষেধাজ্ঞার ঝুঁকি তুলনামূলকভাবে কমে আসবে বলে মনে করছে ফিফা।

বর্তমান নিয়মে কোনো খেলোয়াড় টুর্নামেন্টের প্রথম পাঁচ ম্যাচে দুইটি হলুদ কার্ড দেখলেই পরবর্তী ম্যাচে নিষিদ্ধ হন। এই নিয়মে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছাতে একটি দলকে সাধারণত পাঁচটি ম্যাচ খেলতে হয়। ফলে গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই দুইটি হলুদ কার্ড পেয়ে যাওয়ার ঝুঁকি থেকে যায়।

কিন্তু ২০২৬ বিশ্বকাপে দল সংখ্যা ৩২ থেকে বেড়ে ৪৮ হওয়ায় ম্যাচের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। নতুন ফরম্যাটে নকআউট পর্বে অতিরিক্ত একটি রাউন্ড যুক্ত হয়েছে, ফলে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে একটি দলকে ছয়টি ম্যাচও খেলতে হতে পারে। এই পরিস্থিতিতে খেলোয়াড়দের ওপর নিষেধাজ্ঞার চাপ আরও বেড়ে যাবে বলে আশঙ্কা করছে ফিফা। বিশেষ করে বড় তারকা খেলোয়াড়রা গুরুত্বপূর্ণ ম্যাচ যেমন সেমিফাইনাল মিস করতে পারেন, এমন ঝুঁকি এড়াতেই এই পরিবর্তনের ভাবনা।

শুরুতে আলোচনায় কার্ডজনিত নিষেধাজ্ঞার সীমা দুই থেকে বাড়িয়ে তিন করার প্রস্তাবও ছিল। তবে ফিফা মনে করছে, নিয়ম শিথিল করার চেয়ে নির্দিষ্ট দুই ধাপে কার্ড বাতিলের ব্যবস্থা চালু করাই বেশি যৌক্তিক এবং কার্যকর হবে। এতে খেলোয়াড়দের উপর অতিরিক্ত চাপ কমবে এবং গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে অযথা নিষেধাজ্ঞার ঝুঁকি এড়ানো সম্ভব হবে।

এই বিষয়টি নিয়ে আলোচনা হবে মঙ্গলবার (২৮ এপ্রিল) কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কাউন্সিলের বৈঠকে। সেখানে প্রস্তাবটি অনুমোদন পেলে নতুন নিয়ম অনুযায়ী খেলোয়াড়রা গ্রুপ পর্ব ও কোয়ার্টার ফাইনালের পর দুটি পৃথক পর্যায়ে হলুদ কার্ডের প্রভাব থেকে মুক্তি পাবেন।

সব মিলিয়ে বলা যায়, আগের নিয়মে যেখানে পুরো টুর্নামেন্ট জুড়ে হলুদ কার্ডের চাপ ছিল, নতুন কাঠামোয় সেটি নির্দিষ্ট দুটি পর্যায়ে সীমাবদ্ধ থাকবে। তবে দুইটি হলুদ কার্ড পেলে এক ম্যাচ নিষেধাজ্ঞার নিয়ম আগের মতোই বহাল থাকবে।

আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো এই তিন দেশ।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর