বস্টনে বিশ্বকাপ ম্যাচ ঘিরে ‘টেইলগেটিং’ অনুমোদন, সিদ্ধান্ত বদলালো ফিফা
আসন্ন ফিফা বিশ্বকাপের ম্যাচগুলোকে ঘিরে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ‘টেইলগেটিং’ আয়োজন অবশেষে অনুমোদন পেয়েছে। বস্টন বিশ্বকাপ আয়োজক কমিটি জানিয়েছে, শুরুতে এ ধরনের সামাজিক আয়োজন নিষিদ্ধ করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ফিফা।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচের বিশ্বকাপ। এর মধ্যে ম্যাসাচুসেটসের ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে, যা নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের হোম ভেন্যু, ছয়টি গ্রুপ পর্বের ম্যাচ এবং একটি কোয়ার্টার ফাইনাল (৯ জুলাই) অনুষ্ঠিত হবে।
টেইলগেটিং হলো যুক্তরাষ্ট্রের একটি জনপ্রিয় ক্রীড়া সংস্কৃতি, যেখানে দর্শকরা ম্যাচের আগে পার্কিং এলাকায় জড়ো হয়ে সামাজিক আড্ডা, খাবার ও পানীয় ভাগাভাগি করেন।
আয়োজক কমিটি জানিয়েছে, স্থানীয় নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে এবার টেইলগেটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে। তাদের ভাষায়, ‘স্টেডিয়ামে আয়োজিত অন্যান্য ইভেন্ট—যেমন নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টস, নিউ ইংল্যান্ড রেভল্যুশন এবং কনসার্টের মতো, যেখানে কোনো বিধিনিষেধ নেই, বিশ্বকাপেও একই নীতি প্রযোজ্য হবে।’
তবে এবারের বিশ্বকাপে পার্কিং সুবিধা উল্লেখযোগ্যভাবে সীমিত থাকবে। সাধারণত প্যাট্রিয়টসের ম্যাচে প্রায় ২০ হাজার পার্কিং স্পট থাকলেও বিশ্বকাপ চলাকালে তা কমে প্রায় ৫ হাজারে নেমে আসবে।
পরিবহন ব্যবস্থাতেও বাড়তি চাপ ও ব্যয় যুক্ত হচ্ছে। মেট্রো বস্টন ট্রানজিট অথরিটি জানিয়েছে, বস্টন থেকে ফক্সবরো পর্যন্ত ট্রেনের রিটার্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮০ ডলার, যা সাধারণ এনএফএল ও এমএলএস ম্যাচের তুলনায় চার গুণ বেশি। এছাড়া বিভিন্ন স্থান থেকে সরাসরি বাস সার্ভিস থাকবে, যার রিটার্ন ভাড়া ৯৫ ডলার।
এরই মধ্যে নিউইয়র্ক সিটি জানিয়েছে, মেটলাইফ স্টেডিয়ামসহ বিভিন্ন ভেন্যুতে বিশ্বকাপ ম্যাচকে কেন্দ্র করে শহরের পাঁচটি বরোতে ধারাবাহিক ফ্যান ফেস্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: