ইংল্যান্ডের শতবর্ষী পুরনো ক্লাবের মালিকানায় বাংলাদেশি বংশোদ্ভুত ব্যবসায়ী
স্কানথর্প ইউনাইটেড। ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত ইংল্যান্ডের এই ক্লাবটির ২০ শতাংশ মালিকানা আছে বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ ব্যবসায়ী রোজ রহমানের। তৎকালীন মালিক ডেভিড হিল্টনের অধীনে দেনায় পড়ে ২০২৩ সালে বিক্রির খাতায় উঠলে রোজ মালিকানা কেনেন।
ওই সময় রোজের মতো ২০ শতাংশ করে মালিকানা কেনেন মিচেল হারনেস, জর্জ এইটকেনহেড ও ইয়ান শার্প নামে আরও তিনজন। বাকিদের শেয়ার ১০ শতাংশের কম। হারনেস আছেন ক্লাবের চেয়ারম্যানের পদেও। পাঁচ পরিচালক হলেন জিওফ গ্যাডি, ভি হারনেস, লুক মাইকেল, তিনা মুর ও সু র্যান্ডস।
রোজ রহমানের পৈতৃক শেকড় সিলেটে। সম্প্রতি তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘একটি ক্লাবের মালিক হওয়া সত্যিকার অর্থেই সম্মানের। এটা একটা সুবিধা...আমি ব্রিটিশ-বাংলাদেশি।’
লিঙ্কনশায়ারভিত্তিক এই ক্লাবটি খেলে ইংল্যান্ডের পঞ্চম সারির জাতীয় লিগে। ২০২৫-২৬ মৌসুম তারা শেষ করেছে টেবিলের পাঁচে থেকে। তার সুবাদে সুযোগ পেয়েছে লিগ প্রমোশন প্লে অফের কোয়ার্টার ফাইনালে খেলার। বুধবার কোয়ার্টারে সাউথএন্ড ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। রোববার ওই ম্যাচে রোচড্যালের মুখোমুখি হবে তারা। এরপর ফাইনালে উঠে জিততে পারলে উত্তীর্ণ হবে চতুর্থ সারির ‘লিগ দুই’য়ে।
স্কানথর্পের ডাকনাম দ্য আয়রন। তারা ইংল্যান্ডের ফুটবলীয় সিস্টেমে সর্বোচ্চ দ্য চ্যাম্পিয়নশিপে খেলেছে। ২০০৯-১০ মৌসুমে দ্বিতীয় সারির এই লিগে তারা হয়েছিল ২০তম। পরের মৌসুম শেষ করে সবার শেষে থেকে, তাতে অবনমন হয় লিগ ওয়ানে। সেখান থেকে গত দেড় দশকে চলে গেছে পঞ্চম সারির লিগে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: