[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

স্কোয়াড পুনর্গঠনের ছক বার্সার, মৌসুম শেষে ক্লাব ছাড়তে পারেন ৬ তারকা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ মে ২০২৬ ১০:০৫ এএম

লা লিগা জয়ের দৌড়ে এখন এগিয়ে আছে বার্সেলোনা। শিরোপার খুব কাছাকাছি পৌঁছে গেলেও নতুন মৌসুমকে ঘিরে পরিকল্পনায় কোনো ঢিলেমি নেই কাতালান ক্লাবটির। বরং আগামী মৌসুমে আরও শক্তিশালী দল গড়তে এখন থেকেই সম্ভাব্য পরিবর্তনের হিসাব-নিকাশ শুরু করেছে নীতিনির্ধারকরা।

বার্সেলোনার বড় লক্ষ্য ইউরোপের শ্রেষ্ঠত্ব চ্যাম্পিয়নস লিগ শিরোপা পুনরুদ্ধার। ২০১৫ সালের পর থেকে আর এই শিরোপার স্বাদ পায়নি তারা। চলতি মৌসুমেও শেষ আটে অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে হেরে বিদায় নিতে হয়েছে দলটিকে, ফলে অপেক্ষা আরও দীর্ঘ হয়েছে। এই পরিস্থিতিতে নতুন মৌসুমে ইউরোপীয় সাফল্য নিশ্চিত করতে স্কোয়াড পুনর্গঠনের দিকেই নজর দিচ্ছেন কোচ হান্সি ফ্লিক।

ফ্লিকের অধীনে এবার লা লিগায় ভালো অবস্থানে থাকলেও চ্যাম্পিয়নস লিগে কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় দল নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে বার্সেলোনাকে। তবে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ক্লাবের আর্থিক সংকট। নতুন খেলোয়াড় আনতে হলে বর্তমান দল থেকে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়তে হতে পারে এমন ইঙ্গিতই পাওয়া যাচ্ছে বিভিন্ন রিপোর্টে।

এই তালিকায় সবচেয়ে আলোচিত নাম রোনাল্ড আরাউহো। রক্ষণভাগে নেতৃত্ব দেয়া এই উরুগুইয়ান ডিফেন্ডার সাম্প্রতিক সময়ে ইনজুরি ও অনিয়মিত খেলার কারণে আলোচনায় আছেন। ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনায় তার অবস্থান নিয়েও প্রশ্ন উঠছে বলে জানা যাচ্ছে। ফলে দল পুনর্গঠনের অংশ হিসেবে তাকেও ছাড়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না।

শুধু আরাউহো নন, জুলস কুন্দে এবং আলেহান্দ্রো বালদের মতো গুরুত্বপূর্ণ ডিফেন্ডারদের নিয়েও অনিশ্চয়তার কথা শোনা যাচ্ছে। যদিও কোচ ফ্লিক তাদের ওপর আস্থা রাখেন এবং নিয়মিত পরিকল্পনায় রেখেছেন, তবুও আর্থিক চাপে বড় সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রয়োজন হলে বড় সাইনিংয়ের জন্য অর্থ জোগাড় করতে এই পরিবর্তনগুলো ঘটতে পারে।

মিডফিল্ডেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। লা মাসিয়ার তরুণ প্রতিভা মার্ক কাসাদোকে ঘিরে ইউরোপ ও সৌদি আরবের কয়েকটি ক্লাবের আগ্রহ রয়েছে বলে জানা গেছে। পর্যাপ্ত খেলার সুযোগ না পেলে তিনি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন এমন সম্ভাবনাও তৈরি হয়েছে।

অন্যদিকে আক্রমণভাগের তরুণ উইঙ্গার রুনি বারদঘজিকে ঘিরেও আলোচনা চলছে। লামিন ইয়ামালের কারণে ডান প্রান্তে সুযোগ সীমিত হওয়ায় তাকে ধার বা বিক্রির মাধ্যমে অন্য ক্লাবে পাঠানোর পরিকল্পনাও ভাবা হচ্ছে, যেখানে চুক্তিতে ভবিষ্যতে পুনরায় কেনার সুযোগ (বাই-ব্যাক ক্লজ) রাখা হতে পারে।

সবচেয়ে বড় পরিবর্তন হতে পারে রবার্ট লেভানদোভস্কিকে ঘিরে। বায়ার্ন মিউনিখ থেকে আসা এই পোলিশ স্ট্রাইকারের সঙ্গে বার্সেলোনার চুক্তির মেয়াদ মৌসুম শেষে শেষ হচ্ছে। ক্লাবের হয়ে তার পারফরম্যান্স উল্লেখযোগ্য হলেও নতুন পরিকল্পনায় তার ভবিষ্যৎ অনিশ্চিত বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর