১৩ লাখ ডলারের বিলাসবহুল গাড়ি কিনে আলোচনায় রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো আবারও মাঠের বাইরে বিলাসবহুল জীবনযাপনের কারণে শিরোনামে এসেছেন। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা এবার তার গ্যারেজে যুক্ত করেছেন প্রায় ১৩ লাখ ২০ হাজার ডলার মূল্যের একটি বিশেষ গাড়ি, যা তাকে বিশ্বের সবচেয়ে ধনী ক্রীড়াবিদদের একজন হিসেবে আরও একবার প্রমাণ করেছে।
জানা গেছে, এটি একটি কাস্টমাইজড মার্সিডিজ-এএমজি জি৬৩ ক্যাব্রিওলেট, যা বিশ্বের মাত্র ২০টি ইউনিট তৈরি হয়েছে। গাড়িটি বিশেষভাবে রোনালদোর জন্য তৈরি করা হয়েছে। এই সংস্করণটি একটি বিরল সফট-টপ কনভার্টেবল এসইউভি।
গাড়িটির ডিজাইনে যুক্ত হয়েছে আল নাসরের হলুদ ও নীল রং, পাশাপাশি দরজার সিল-এ খোদাই করা আছে তার নামের সংক্ষিপ্ত রূপ 'সিআর৭'। সাধারণ জি-ওয়াগন নিজেই একটি বিলাসবহুল মডেল হলেও এই বিশেষ সংস্করণটি আরও এক ধাপ এগিয়ে গেছে এক্সক্লুসিভিটির দিক থেকে।
ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকার বর্তমান সৌদি ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। ক্লাবটির সঙ্গে তার বিশাল চুক্তি এবং 'সিআর৭' ব্র্যান্ড মিলিয়ে তার সম্পদের পরিমাণ প্রায় ১.৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে ধারণা করা হয়। তার গ্যারেজে ইতিমধ্যেই বুগাটি, ফেরারি ও ল্যাম্বরগিনির মতো দামী ব্র্যান্ডের একাধিক গাড়ি রয়েছে।
এদিকে মাঠের লড়াইয়ে আল নাসর এখন সৌদি লিগ জয়ের দৌড়ে রয়েছে। তারা বর্তমানে ৭৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে এবং শিরোপা জয়ের জন্য বাকি ম্যাচগুলোতে জয় প্রয়োজন। আগামী ৭ মে আল শাবাব এবং ১২ মে আল হিলালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে রোনালদোর দলটি।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: