বাংলাদেশ-সান ম্যারিনো ম্যাচ: টিকিট না পেয়ে হতাশ হাজারো প্রবাসী
ইউরোপের মাটিতে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচকে ঘিরে তৈরি হয়েছে অভূতপূর্ব উন্মাদনা। আগামী ৫ জুন সন্ধ্যা ৭ টায় সান মারিনোর বিপক্ষে অনুষ্ঠেয় প্রীতি ম্যাচের টিকিট বিক্রি শুরু হওয়ার মাত্র ২ দিনের মধ্যেই পুরো স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গেছে।
বিশেষ করে বাংলাদেশি সমর্থকদের জন্য বরাদ্দকৃত গ্যালারির টিকিট চোখের পলকেই শেষ হয়ে যায়। ইতালির শহরজুড়ে এখন শুধুই বাংলাদেশ-সান ম্যারিনো ম্যাচের আলোচনা। ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও ম্যাচটি ঘিরে ব্যাপক আগ্রহ দেখিয়েছেন।
দেশের ফুটবল ইতিহাসে এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই প্রথমবার কোনো ইউরোপীয় দেশের বিপক্ষে খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অন্যদিকে সান ম্যারিনোও প্রথমবার কোনো এশিয়ান দলের মুখোমুখি হতে যাচ্ছে।
জানা গেছে, শুধু রোম থেকেই সমর্থকদের ম্যাচ ভেন্যুতে নিয়ে যেতে প্রায় ১৫টি গাড়ির ব্যবস্থা করা হয়েছে। রোম থেকে সান ম্যারিনোর দূরত্ব প্রায় ৩৫০ কিলোমিটার হলেও প্রবাসী বাংলাদেশিদের আগ্রহে তাতে কোনো ভাটা পড়েনি।
বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে সান ম্যারিনোর অবস্থান ২১১তম এবং বাংলাদেশের অবস্থান ১৮১তম। তবে র্যাঙ্কিং নয়, ইউরোপের মাটিতে লাল-সবুজের প্রতিনিধিত্ব দেখতেই মুখিয়ে আছেন সমর্থকেরা।
এমনকি সামনে লিথুয়ানিয়া ম্যাচেও ইতালি থেকে বিপুল সংখ্যক বাংলাদেশি সমর্থক মাঠে উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: