মেসির জাদুতে টরন্টোর মাঠে উড়ল মায়ামি
আগের ম্যাচের হতাশা কাটিয়ে জয়ে ফিরেছে ইন্টার মায়ামি। লিওনেল মেসি আবারও গোল করেছেন, করিয়েছেনও। তার দারুণ পারফরম্যান্সে টরন্টো এফসিকে ৪-২ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠেছে মায়ামি।
শনিবার (৯ মে) রাতে মেজর লিগ সকারের ম্যাচে টরন্টোর মাঠে ৮১ মিনিট পর্যন্ত ৪-০ গোলে এগিয়ে ছিল মায়ামি। শেষ দিকে দুটি গোল হজম করলেও জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।
এর আগে গত ম্যাচে অরল্যান্ডো সিটির বিপক্ষে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেও ৪-৩ গোলে হেরে যায় মায়ামি। সেই ধাক্কা সামলে এবার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় দলটিকে।
ম্যাচের ৪৪তম মিনিটে দলকে এগিয়ে দেন রদ্রিগো ডি পল। তার নেয়া ফ্রি-কিক প্রতিপক্ষের রক্ষণ দেয়ালে লেগে ফিরে এলে ভলিতে বল জালে পাঠান এই আর্জেন্টাইন মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ায় মায়ামি। ৫৬তম মিনিটে মেসির বাড়ানো পাস থেকে গোল করেন লুইস সুয়ারেস। বক্সের ভেতরে বল পেয়ে সহজেই জালের ঠিকানা খুঁজে নেন উরুগুয়ের এই ফরোয়ার্ড।
৬৮তম মিনিটে বদলি হিসেবে নামার মাত্র চার মিনিট পর দলের তৃতীয় গোল করেন সার্জিও রেগিলন। মেসিকে পাস দিয়ে বক্সে ঢুকে পড়েন তিনি। পরে ফিরতি পাস পেয়ে কোনাকুনি শটে গোল করেন স্প্যানিশ লেফট-ব্যাক।
৭৫তম মিনিটে নিজের নামও স্কোরশিটে তোলেন মেসি। মাঝমাঠ থেকে বল নিয়ে কয়েকজন ডিফেন্ডারকে পাশ কাটিয়ে এগিয়ে যান তিনি। পরে ডান পাশে থাকা ডি পলকে পাস দিয়ে আবার বক্সে ঢুকে পড়েন। সতীর্থের ফিরতি পাস পেয়ে পেনাল্টি স্পটের কাছ থেকে বাঁ পায়ের শটে গোল করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।
এর পাঁচ মিনিট পর দ্বিতীয় গোলের সুযোগও পেয়েছিলেন মেসি। তবে তার কোনাকুনি শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন টরন্টোর গোলরক্ষক।
ম্যাচের শেষ দিকে অবশ্য কিছুটা চাপ তৈরি করে স্বাগতিকরা। ৮২ ও ৯০তম মিনিটে দুটি গোল শোধ করে তারা। যোগ করা সময়ের শুরুতে মায়ামির বক্সে পড়ে গিয়ে পেনাল্টির আবেদনও করে টরন্টোর খেলোয়াড়েরা। তবে রেফারি তাতে সাড়া দেননি। ধারাভাষ্যকাররা সিদ্ধান্তটিকে ‘খুব বাজে’ বলেও মন্তব্য করেন।
শেষ পর্যন্ত আর কোনো নাটকীয়তা না ঘটায় ৪-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মায়ামি।
ইস্টার্ন কনফারেন্সে ১২ ম্যাচে ৬ জয় ও ৪ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে ইন্টার মায়ামি। এক ম্যাচ কম খেলে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ন্যাশভিল এসসি।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: