[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ফিলিস্তিনের পতাকা উড়িয়ে নতুন আলোচনায় লামিন ইয়ামাল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৩ মে ২০২৬ ১০:০৫ এএম

লা লিগা জয়ের উৎসবের মাঝেই ফিলিস্তিনের পতাকা উড়িয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। বার্সেলোনার খোলা বাসের শোভাযাত্রায় তার হাতে ফিলিস্তিনের পতাকা দেখা যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন এই স্প্যানিশ ফুটবলার। গাজা থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রান্তের সমর্থক, অধিকারকর্মী ও ক্রীড়াবিদরা তার এই পদক্ষেপকে সাহসী বার্তা হিসেবে দেখছেন।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, বার্সেলোনার লা লিগা শিরোপা জয়ের উদযাপনে ছাদখোলা বাসে দাঁড়িয়ে গত সোমবার ফিলিস্তিনের পতাকা ওড়াতে দেখা যায় ১৮ বছর বয়সী ইয়ামালকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, পতাকা হাতে রাখা ইয়ামালকে উচ্ছ্বাসভরে অভিনন্দন জানাচ্ছেন সমর্থকেরা। এর কয়েক ঘণ্টা আগেই রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো লা লিগা শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা।

অবশ্য ইনজুরির কারণে ইয়ামাল রোববারের এল ক্লাসিকো ম্যাচে খেলতে পারেননি। তবে পরদিন সতীর্থদের সঙ্গে শিরোপা উদ্‌যাপনের শোভাযাত্রায় যোগ দেন তিনি। ভিডিওতে বাসের ডান পাশে রেলিং ধরে দাঁড়িয়ে থাকা ইয়ামালকে বেশ স্বাভাবিক ও হাস্যোজ্জ্বল দেখা যায়। তার হাতে ফিলিস্তিনের পতাকা থাকার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরে ফুটবলভক্ত, বিশ্লেষক, অধিকারকর্মী ও খেলোয়াড়রা তার এই পদক্ষেপের প্রশংসা করেন। গাজার ফিলিস্তিনি শিক্ষার্থী মুহাম্মদ আকরাম লিখেছেন, ‘কারও কাছে এটি হয়তো সাধারণ একটি অঙ্গভঙ্গি মনে হতে পারে। কিন্তু গাজায় এটি হৃদয় ছুঁয়ে যায়, যা ভাষায় প্রকাশ করা কঠিন’। তিনি আরও লেখেন, ‘ধন্যবাদ, লামিন ইয়ামাল। গাজা থেকে বলছি, আপনি ধারণার চেয়েও বেশি ভালোবাসা পাচ্ছেন।’

অবশ্য গত আড়াই বছরে বিশ্বের শত শত শহরে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ ও সমাবেশে ফিলিস্তিনের পতাকা দেখা গেছে। অনেকের কাছে এটি গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতির প্রতীক। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে ব্যাপক প্রাণহানি ঘটেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ৭২ হাজার ৭৪০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গত অক্টোবরে স্বাক্ষরিত তথাকথিত যুদ্ধবিরতির পরও নিহত হয়েছেন ৮৫৪ জন।

যুদ্ধবিরতির পর বিক্ষোভের সংখ্যা কিছুটা কমলেও বড় জনসমাগম, ক্রীড়া আসর ও উদ্‌যাপন অনুষ্ঠানে এখনও ফিলিস্তিনের পতাকা বহন করছেন অনেক কর্মী ও সমর্থক। বার্সেলোনার উদ্‌যাপনেও ইয়ামাল সেই সুযোগে ফিলিস্তিনের প্রতি নিজের সমর্থন জানান। অনেক অধিকারকর্মীর মতে, একটিমাত্র কাজ দিয়েই তিনি ফিলিস্তিন ইস্যুতে সচেতনতা তৈরিতে অনেকের চেয়ে বেশি প্রভাব ফেলেছেন।

লেবাননের রাজনৈতিক কর্মী ও লেখক দিয়াব আবু জাহজাহ লিখেছেন, ‘আপনার যদি কোনও প্ল্যাটফর্ম থাকে, তাহলে সেটি ব্যবহার করুন। আপনার যদি কণ্ঠ থাকে, তাহলে কথা বলুন। ব্রাভো লামিন ইয়ামাল।’

এদিকে বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক জানিয়েছেন, এ ঘটনা নিয়ে তিনি ইয়ামালের সঙ্গে কথা বলেছেন। মঙ্গলবার গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি তাকে বলেছি, তুমি যদি এটা করতে চাও, সেটা তোমার সিদ্ধান্ত। তুমি এখন যথেষ্ট বড় হয়েছ।’

উৎসবের পর ইয়ামাল নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফিলিস্তিনের পতাকা হাতে একটি ছবিসহ অনুষ্ঠানের আরও কয়েকটি ছবি পোস্ট করেন। ইনস্টাগ্রামে তার অনুসারী ৪ কোটি ৪২ লাখ। পোস্টটিতে ৫৩ লাখের বেশি মানুষ লাইক দিয়েছেন এবং এক লাখের বেশি শেয়ার হয়েছে।

ফিলিস্তিনি লেখক ও কবি মোসাব আবু তোহা ইয়ামালের পোস্টে মন্তব্য করেন, ‘গাজা থেকে আমরা তোমাকে ভালোবাসি’। ইয়ামালের পোস্টে কমেন্ট করেছেন তার বার্সেলোনা সতীর্থ মার্কাস রাশফোর্ড ও ডাচ ফুটবলার আনোয়ার এল গাজিও। সাতটি ছবি সম্বলিত পোস্টটিতে মোট কমেন্টের সংখ্যা প্রায় ১ লাখ ৬৬ হাজার।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর