নিরপেক্ষ ভেন্যুর দাবীতে বাফুফেকে মোহামেডানের চিঠি
ফেডারেশন কাপ ফাইনাল ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ১৯ মে ফাইনালের ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সূচি অনুযায়ী ফাইনালে কিংস ও মোহামেডানের ম্যাচ হওয়ার কথা কিংস অ্যারেনায়।
সাদা কালোদের দাবি, ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা উচিত। মোহামেডানের ফুটবল ম্যানেজার ও সাবেক ফুটবলার ইমতিয়াজ আহমেদ নকীব বলেন, ‘আমরা কিংস কিংবা কুমিল্লাতেও চাই না, আমরা চাই গাজীপুর, মানিকগঞ্জ কিংবা মুন্সিগঞ্জের যেকোনো মাঠে ম্যাচ আয়োজন করা হোক। এতে কোন বিতর্ক থাকবে না।’
কোয়ালিফায়ার ও এলিমিনেশন রাউন্ডের মতোই ফাইনালের ভেন্যু কিংস অ্যারেনা নির্ধারিত হয়। পরবর্তীতে একই ভেন্যুর দল কিংস ফাইনালে ওঠায় বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে মোহামেডান।
গত মৌসুমে চ্যালেঞ্জ কাপে কিংস অ্যারেনায় দুই দলের ম্যাচে স্মোক ফ্লেয়ার নিক্ষেপের ঘটনায় দীর্ঘ সময় খেলা বন্ধ ছিল। সেই অভিজ্ঞতার কারণেও এই ভেন্যু নিয়ে আপত্তি রয়েছে মোহামেডানের।
এদিকে বাফুফের লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান একই সঙ্গে কিংসের সভাপতির দায়িত্বে থাকায় স্বার্থের সংঘাতের প্রশ্ন উঠেছে। সব মিলিয়ে ফেডারেশন কাপ ফাইনালের আগে মাঠের লড়াইয়ের পাশাপাশি ভেন্যু বিতর্কও এখন দেশের ফুটবল অঙ্গনের বড় আলোচনায় পরিণত হয়েছে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: