[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

নেইমারের বাবা বললেন, ‘আজ খুশির দিন’

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ মে ২০২৬ ০৯:০৫ এএম

আড়াই বছর ধরে ব্রাজিলের জার্সিতে খেলেননি নেইমার। কার্লো আনচেলত্তি সেলেসাওদের প্রধান কোচ হওয়ার পর তার দলেও ডাক পাননি। ইতালিয়ান কোচ শর্ত দিয়েছিলেন, শতভাগ ফিট হলেই কেবল রাখা হবে ৩৪ বছর বয়সী ফরোয়ার্ডকে।

এই ট্যাকটিশিয়ানের শর্ত মেনে নিয়ে নিজেকে তৈরি করতে কঠোর পরিশ্রম করে গেছেন তিনি। অবশেষে চতুর্থবার তার বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ হতে চলেছে। বিশ্বকাপের জন্য ২৬ জনের ব্রাজিলিয়ান জাতীয় দলে ডাক পেয়েছেন নেইমার।

গতকাল রিও ডি জেনিরোতে মিউজিয়াম অব টুমরোতে সংবাদ সম্মেলনে বিশ্বকাপের দল ঘোষণা করেন আনচেলত্তি। সবার কান খোলা ছিল বিশেষ একটি নাম নিয়ে- নেইমার। তাকে সুযোগ দিয়েছেন কোচ। আনচেলত্তির মুখে যখন নিজের নাম শুনেছেন, নিশ্চিতভাবে নেইমার আবেগে ভেসেছেন। তার বাবা ‘যন্ত্রণা, সংশয় ও নীরবতা’র মুহূর্তগুলো স্মরণ করার পাশাপাশি বলেছেন, ‘আজ খুশির একটি দিন’।

ব্রাজিলের হয়ে রেকর্ড ৭৯ গোল করা নেইমার শেষবার আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২৩ সালের ১৭ অক্টোবর। বিশ্বকাপ বাছাইয়ের ওই ম্যাচে উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরেছিল সেলেসাওরা। বাঁ হাঁটুর গুরুতর ইনজুরি নিয়ে ওই দিন মাঠ ছেড়েছিলেন তিনি। তারপর সুস্থ হতে দীর্ঘ লড়াই। সান্তোসে অনিয়মিত হলেও ফিট থাকতে নিজের সাধ্যমতো চেষ্টা করেছেন। তারই পুরস্কার পেলেন জাতীয় দলে ডাক পেয়ে।

নেইমারের বাবা একটি পোস্টে লিখেছেন, ‘বাবা, মন্টেভিডিওতে ইনজুরির পর থেকে যে ব্যথা ও সংশয় আমাদের তাড়া করে বেরিয়েছে, সেটা নিয়ে আমি লিখতে পারতাম, এই পুরোটা সময়ে নীরব থেকে আমাদের যা পড়তে ও শুনতে হয়েছে, সেটাও স্মরণ করতে পারতাম। কিন্তু আজ খুশির দিন। আমার মনের মধ্যে কেবল একটি ব্যাপারই খেলা করছে, সেটা হলো তুমি যেখানেই গিয়েছ, সেখানেই তোমার নাম ধরে শিশুরা আনন্দে চিৎকার করেছে।’

তিনি আরও লিখেছেন, ‘এই মুহূর্তটার জন্য কত দীর্ঘ অপেক্ষা আর কঠোর পরিশ্রম করেছ, আমরা সেটা জানি। এই যাত্রায় সব যন্ত্রণা, সংশয় ও নীরবতা সঙ্গে ছিল। কিন্তু ঈশ্বর আমাদের সাহায্য করেছেন। অভিনন্দন বাবা, আরেকটি বিশ্বকাপের জন্য আমি তোমার সঙ্গে থাকব।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর