[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

মার্তিনেজ আছেন, মার্তিনেজ নেই!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ জুন ২০২৬ ১৫:০৬ পিএম

চোটগ্রস্ত আঙুল নিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ গিয়েছেন নতুন মিশনে। আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় শিরোপা জেতাতে বদ্ধপরিকর অ্যাস্টন ভিলার এই তারকা গোলরক্ষক।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া বিশ্বকাপের বাকি আর কিছুদিন। কিন্তু আর্জেন্টিনার জার্সিতে মার্তিনেজ বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে পারবেন কি না নিশ্চিত নন।

কিন্তু তার নিবেদনে কোনো ঘাটতি নেই। দলের সঙ্গে আছেন। হোটেলেই উঠেছেন। যুক্তরাষ্ট্রে পৌঁছে দলের সঙ্গে প্রথম দিনের অনুশীলনেও ছিলেন। মাঠে নামেননি। তবে পুরোটা সময় ছিলেন প্রাণবন্ত। আলোচনায় যোগ দেন। ছিলেন দলীয় বৈঠকেও।

মার্তিনেজের ডান হাতে ব্যান্ডেজ বাঁধা। গত ২১ মে ইউরোপা লিগের ফাইনালের আগের ওয়ার্ম-আপের সময় মার্তিনেজের আঙুল ভেঙে যায়। যেকোনো ঝুঁকি এড়াতে বিশ্বকাপের আগে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে খেলবেন না মার্তিনেজ। তাকে তৈরি করা হচ্ছে বিশ্বকাপের প্রথম ম্যাচের জন্য। ১৭ জুন বিশ্বচ্যাম্পিয়নদের প্রথম ম্যাচ আলজেরিয়ার বিপক্ষে।

বিশ্বকাপ সামনে রেখে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে নিজেদের ক্যাম্পে প্রথম অনুশীলন করেছে আর্জেন্টিনা। মাঠে থেকেও অনুশীলন করতে না পারার শূণ্যতা অনুভব করেছেন মার্তিনেজ। তবে সতীর্থদের সান্নিধ্য পাওয়ায় খুশি তিনি।

৩৩ বছর বয়সী তারকা গোলরক্ষক ইন্সটাগ্রামে পোস্ট করেছেন, ‘‘খুবই রোমাঞ্চকর প্রথম দিন। সবকিছু করতে পারছি না বলে খারাপ লাগছে, কিন্তু বন্ধুদের সঙ্গে থাকতে পেরে ও দেশের বন্ধনে আবদ্ধ হতে পেরে ভালো লাগছে।”

অনুশীলন করতে না পারার খারাপ লাগা পেছনে ফেলে সতীর্থদের সঙ্গে সময়টা উপভোগ করছেন মার্তিনেজ। এই সময়টাই তাকে দিতে পারে লড়াইয়ের নতুন প্রেরণা। এগিয়ে যাওয়ার শক্তি।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর