স্পেনে জন্ম নেয়া ১০ ফুটবলার এবারের বিশ্বকাপে খেলবেন অন্য দেশের হয়ে
২০২৬ ফিফা বিশ্বকাপে স্পেনের উপস্থিতি শুধু ‘লা রোহা’ বা স্পেন জাতীয় দলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। স্পেনে জন্ম নেয়া অন্তত ১০ জন ফুটবলার এবারের বিশ্বকাপে অংশ নেবেন ভিন্ন দেশের জার্সিতে। মূলত, পারিবারিক শেকড়ের কারণেই অন্য দেশ বেছে নিয়েছেন তারা।
আশরাফ হাকিমি (মরক্কো)
মাদ্রিদে জন্ম নেয়া আশরাফ হাকিমি বর্তমানে মরক্কোর ফুটবলের অন্যতম বড় তারকা। মরক্কান অভিবাসী পরিবারের সন্তান হাকিমি রিয়াল মাদ্রিদের একাডেমিতে বেড়ে উঠলেও শুরু থেকেই মরক্কোর হয়ে খেলার সিদ্ধান্ত নেন।
২০২২ কাতার বিশ্বকাপে স্পেনের বিপক্ষে টাইব্রেকারে জয়সূচক পেনাল্টি করে জন্মভূমির দলকেই বিদায় করেন তিনি। সেই মুহূর্তে মরক্কোর জাতীয় বীর হয়ে ওঠেন হাকিমি।
ইনিয়াকি উইলিয়ামস (ঘানা)
বিলবাওয়ে জন্ম নেয়া ইনিয়াকি উইলিয়ামস দীর্ঘদিন স্পেনের বয়সভিত্তিক দলে খেলেছেন। তবে পরবর্তীতে পারিবারিক শেকড়ের টানে ঘানার হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলার সিদ্ধান্ত নেন। বর্তমানে তিনি ঘানার আক্রমণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়।
মুনির এল হাদ্দাদি (মরক্কো)
মাদ্রিদের এল এস্কোরিয়ালে জন্ম নেয়া মুনির এল হাদ্দাদি একসময় স্পেন জাতীয় দলের হয়েও খেলেছেন। তবে ফিফার নিয়মের বাধা পেরিয়ে পরে তিনি মরক্কোর হয়ে খেলার অনুমতি পান। আন্তর্জাতিক ফুটবলে জাতীয়তা পরিবর্তনের সবচেয়ে আলোচিত উদাহরণগুলোর একটি হয়ে উঠেছেন মুনির।
ব্রাহিম দিয়াজ (মরক্কো)
মালাগায় জন্ম নেয়া ব্রাহিম দিয়াজকে দীর্ঘদিন স্পেন জাতীয় দলের সম্ভাব্য সদস্য হিসেবে বিবেচনা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত পারিবারিক সূত্রে মরক্কোকেই বেছে নেন তিনি। বর্তমানে মরক্কোর অন্যতম প্রধান আক্রমণভাগের অস্ত্র হিসেবে বিবেচিত হচ্ছেন এই তারকা।
ওমর এল হিলালি (মরক্কো)
বার্সেলোনার ল’হসপিতালেত দে লোব্রেগাতে জন্ম নেয়া ওমর এল হিলালি স্প্যানিশ ফুটবলে বেড়ে উঠেছেন। তবে আন্তর্জাতিক পর্যায়ে নিজের ভবিষ্যৎ গড়তে মরক্কোর প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন। বিশ্বকাপের মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করার বড় সুযোগ দেখছেন এই ডিফেন্ডার।
চাদি রিয়াদ (মরক্কো)
মায়োর্কায় জন্ম নেয়া চাদি রিয়াদও স্পেনে ফুটবল শিক্ষা লাভ করেছেন। কিন্তু আন্তর্জাতিক ফুটবলে মরক্কোর জার্সি বেছে নিয়েছেন তিনি। আগামী দিনের মরক্কো রক্ষণভাগের অন্যতম ভরসা হিসেবে বিবেচনা করা হচ্ছে এই সেন্টার-ব্যাককে।
আলভারো ফিদালগো (মেক্সিকো)
ওভিয়েদোতে জন্ম নেয়া আলভারো ফিদালগো দীর্ঘ সময় স্পেনে খেললেও প্রকৃত সাফল্য পান মেক্সিকোতে। ক্লাব আমেরিকার হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ‘মাগুইতো’ নামে পরিচিতি পাওয়া এই মিডফিল্ডার দ্রুতই মেক্সিকান সমর্থকদের হৃদয় জয় করেন।
নিকো পাজ (আর্জেন্টিনা)
টেনেরিফেতে জন্ম নেওয়া নিকো পাজ পারিবারিক ঐতিহ্যের কারণে আর্জেন্টিনাকে বেছে নিয়েছেন। তার বাবা পাবলো পাজ ছিলেন আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক ফুটবলার এবং ১৯৯৮ সালের বিশ্বকাপেও খেলেছিলেন। বাবার পথ অনুসরণ করেই আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ছেন নিকো।
রদ্রিগো সালাজার (উরুগুয়ে)
আলবাসেতে জন্ম নেওয়া রদ্রিগো সালাজারের সঙ্গে উরুগুয়ের সম্পর্ক গভীর পারিবারিক সূত্রে। ইউরোপে ক্যারিয়ার গড়ে তোলা এই মিডফিল্ডার আন্তর্জাতিক ফুটবলে নিজের স্বপ্ন পূরণের সুযোগ খুঁজে পেয়েছেন উরুগুয়ের জার্সিতে।
জেরেমি সারমিয়েন্তো (ইকুয়েডর)
মাদ্রিদে জন্ম নেয়া জেরেমি সারমিয়েন্তো ছোটবেলাতেই স্পেন ছেড়ে বিদেশে পাড়ি জমান। পারিবারিক শেকড়ের কারণে তিনি ইকুয়েডরের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন। যদিও তিনি স্পেনে জন্মেছেন এবং ইকুয়েডরের হয়ে খেলেন, তার ফুটবল বিকাশের বড় অংশই হয়েছে ইংল্যান্ডে। ফলে তার যাত্রা বহুসাংস্কৃতিক এক অনন্য গল্প।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: